ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,  ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী পাঠ্যবই ছাপাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বন্ধের নির্দেশ এনসিটিবির পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি ফজলুর রহমান শেখ হাসিনার ফেরার গুঞ্জনে বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা গাজীপুরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল, নেতৃত্বে নাহিদ ক্ষমতার দুঃস্বপ্নে দেশে নৈরাজ্য করছে আওয়ামী লীগ: রিজভী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত বাড়ছে উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র ও উসকানি চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ


  • আপলোড সময় : শনিবার ২১ নভেম্বর, ২০২৬ সময় : ৭:০৭ পিএম

বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি সতর্ক করে বলেছেন, দেশের প্রধান এই রপ্তানি খাতটি যদি ধ্বংসের পথে যায়, তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন সাধারণ শ্রমিকরাই। তাই শ্রমিকদের মজুরি বৃদ্ধির মতো সংবেদনশীল বিষয়ে রাতারাতি কোনো সিদ্ধান্ত না নিয়ে মালিক ও শ্রমিক—উভয় পক্ষকে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এক ছায়া-সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই প্রতিযোগিতায় স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

বক্তব্যে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য দুর্নীতি ও অনিয়ম রোধ এবং ব্যবসার খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে। তাঁর মতে, দেশে একটি টেকসই শাসনব্যবস্থা তৈরি করা না গেলে কোনো সম্ভাবনাই কাজে লাগানো যাবে না এবং এর জন্য একটি চৌকস প্রশাসনিক শাসনব্যবস্থা অপরিহার্য।

দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে এই অর্থনীতিবিদ বলেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও ষড়যন্ত্র তত্ত্বের চর্চা চলতেই থাকে। তবে প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্র তত্ত্বই খুব বেশি গ্রহণযোগ্যতা পায় না। এসব পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও উল্লেখ করেন, বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা এবং শাসনব্যবস্থার ভাঙাগড়ার কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। একতরফা বাণিজ্য সুবিধা পেয়ে যে অভ্যাস তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরির দিকে অতীতে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি।

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের উৎপাদনশীলতাকে আরও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। একই সঙ্গে পোশাকশিল্পকে রক্ষা করতে মালিক ও শ্রমিক পক্ষকে পারস্পরিক সমঝোতা ও আলোচনার মাধ্যমে মজুরি বৃদ্ধির বিষয়টি সমাধানের আহ্বান জানান তিনি।

সূত্র: বাসস


এ সম্পর্কিত আরো খবর