ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে রদবদল: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ১০ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত পোশাকশ্রমিকদের বেতন, কোন গ্রেডে কত বাড়ল? দিনে মিছিলের পর রাতে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য

স্বর্ণদ্বীপে নিজেই সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৩৫ পিএম

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর তিন শাখার বিশেষায়িত কমান্ডোদের প্রথম যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) পরিদর্শনের এক পর্যায়ে তিনি নিজেই একটি হালকা সাঁজোয়া যান চালিয়ে এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যান এবং সামরিক বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী নিজেই সামরিক যানটি চালান। তিনি স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত দীর্ঘ ৮ কিলোমিটার পথ বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান চালিয়ে অতিক্রম করেন। এ সময় প্রধানমন্ত্রীর পাশেই উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। ৮ কিলোমিটারের এই পথ পাড়ি দেওয়ার সময় প্রধানমন্ত্রী সড়কের দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন সামরিক কার্যক্রম ও অনুশীলন পর্যবেক্ষণ করেন। এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যাওয়ার পথে ধানের ক্ষেতের পাশ দিয়ে কাঁদামাটির আঁকাবাঁকা রাস্তায় গাড়িটি ধীরে ধীরে চলতে দেখা যায়।

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। দ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।

স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের পেশাদারিত্বপূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ঐতিহাসিক এই বিশেষ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

উল্লেখ্য, ১৯৭৮ সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠে দিগন্তবিস্তৃত ‘স্বর্ণদ্বীপ’, যা পূর্বে জাহাজ্জার চর নামে পরিচিত ছিল। নোয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই দ্বীপটি উত্তর-দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত। শুরুতে দেশের স্বাভাবিক নিরাপত্তা বলয়ের বাইরে থাকায় দ্বীপটি একসময় জলদস্যু ও ডাকাতদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল।

পরবর্তীতে ২০১৩ সালের ১৪ মার্চ সেনাসদরের নির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশনের পরিচালিত সাঁড়াশি অভিযানে জলদস্যু ও ডাকাতদের নির্মূল করে দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করা হয়। ওই অভিযানে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ ১০১ পদাতিক ব্রিগেডের ১০ ই বেঙ্গল, ৫৬ ই বেঙ্গল এবং ৬ বীর অংশ নিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। সেদিন থেকেই দ্বীপে সেনা মোতায়েন শুরু হয়। এরপর ২০১৩ সালের ১৫ আগস্ট প্রাথমিকভাবে এবং ১৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটি আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত আট মাস দ্বীপটি জলমগ্ন ও কর্দমাক্ত থাকলেও ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত যান চলাচলের উপযোগী থাকে। বর্তমানে স্বর্ণদ্বীপকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আদর্শ প্রশিক্ষণ এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গবাদি পশু পালন, দুগ্ধ খামার, বনায়ন, মৎস্য চাষ, সৌর বিদ্যুৎ উৎপাদন এবং বিসিসিটি-এর যৌথ উদ্যোগে তিনটি সাইক্লোন শেল্টার নির্মাণসহ নানা আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর