ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে রদবদল: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ১০ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত পোশাকশ্রমিকদের বেতন, কোন গ্রেডে কত বাড়ল? দিনে মিছিলের পর রাতে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য

পালংকি রেস্টুরেন্টে গুলি

খুলনায় এক দিনে তিন স্থানে গুলি, নগরজুড়ে আতঙ্ক


  • আপলোড সময় : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ সময় : ৮:৩৭ পিএম

চাঁদা না দিলে হত্যার হুমকির পর খুলনা নগরীর মজিদ স্মরণী এলাকার পালংকি রেস্টুরেন্টে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা ১১ মিনিটে এই গুলির ঘটনা ঘটে। এর আগে একই দিন নগরীর লবণচরা ও সদর থানা এলাকায় আরও দুটি গুলির ঘটনা ঘটে। এক দিনে তিনটি পৃথক স্থানে গুলির ঘটনায় খুলনা নগরজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।


চাঁদা দাবির হুমকির মুখে পালংকি রেস্টুরেন্টটি সোমবার রাতে বন্ধ করে দিয়েছিলেন মালিকপক্ষ। পরদিন মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে রেস্টুরেন্টটি পুনরায় চালু করা হয়। কিন্তু চালু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিকেলে গুলির ঘটনার পর আতঙ্কে আবারও রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়।


নাম প্রকাশ না করার শর্তে রেস্টুরেন্টটির দুই কর্মচারী জানান, নির্মাণকাজ শুরুর পর থেকেই হানাজালা পরিচয়ে এক ব্যক্তি ফোন করে চাঁদা দাবি করে আসছিলেন। মালিকপক্ষ আগে রাজনৈতিকভাবে বিষয়টি মীমাংসা করেছিলেন। তবে গত সোমবার রাতে দুর্বৃত্তরা আবারও ফোন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। এতে আতঙ্কিত হয়ে সোমবার রাতে রেস্টুরেন্ট বন্ধ করে দেন মালিকপক্ষ, যার ফলে মঙ্গলবার সকালে সেটি খোলা হয়নি।


বিষয়টি জানতে পেরে দুপুর ১২টার দিকে সোনাডাঙ্গা থানা পুলিশ রেস্টুরেন্টে গিয়ে নিরাপত্তার আশ্বাস দেয় এবং আশপাশে একটি টহল গাড়ি মোতায়েন করে। এরপর বিকেল ৩টার দিকে পুলিশ সদস্যরা সেখানে খাবার খেতে গেলে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।


সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।


এদিকে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মদীয়া পাড়ার ৪ নম্বর গলিতে পরিবহন ব্যবসায়ী মো. টুটুলের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে বাড়ির একটি কক্ষের জানালার কাচ ভেঙে গেলেও সৌভাগ্যবশত কেউ হতাহত হননি। এ বিষয়ে টুটুল গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। তবে তাঁর এক স্বজন জানান, কয়েক দিন আগে টুটুলের হোয়াটসঅ্যাপে নুরাজিম বাহিনীর ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। মঙ্গলবার দুর্বৃত্তরা তাঁর শোবার ঘরের জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি ঘরের ভেতরে না ঢুকলেও জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়।


লবণচরা থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না এবং কেউ ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলেও জানা যায়নি। এ কারণে কারা বা কতজন এই ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে।


এর আগে মঙ্গলবার সকালে নগরীর সদর থানা এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বেলায়েত হোসেন সড়কে মাছ ব্যবসায়ী মোস্তফাকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, এই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।


উল্লেখ্য, গত সাড়ে ১০ মাসে খুলনায় ৩৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময়ে গুলিতে আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। পাশাপাশি চাঁদা দাবিকে কেন্দ্র করে পাঁচটি প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।


এ সম্পর্কিত আরো খবর