গাজীপুরের শিল্পাঞ্চলে এক নারী পোশাকশ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভের সৃষ্টি হয়। ভোগড়া এলাকার ‘ফিন বাংলা অ্যাপারেলস’ কারখানার ওই নারী শ্রমিক নিহত হয়েছেন—এমন ভিত্তিহীন খবরে ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আড়াই শতাধিক শ্রমিক। তবে সব জল্পনা ও গুজবের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নিজের মৃত্যুর খবর শুনে কারখানার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি থানায় হাজির হন ওই নারী শ্রমিক এবং পুলিশের কাছে নিজের সুস্থতার কথা জানান। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টার দিকে মধ্যাহ্নবিরতি শেষে ফিন বাংলা অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা নিয়মিত কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করছিলেন। এ সময় কয়েকজন বহিরাগত ব্যক্তি হঠাৎ করে তাদের কারখানায় প্রবেশে বাধা দেন। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। হাতাহাতির সময় ফিন বাংলা অ্যাপারেলসের সুইং অপারেটর মোছা. দিলরুবা আক্তার মিলি (আইডি নম্বর-৭৩৮৮) নামের এক নারী শ্রমিক সামান্য আহত হন। ঘটনার পরপরই উপস্থিত সহকর্মী শ্রমিকদের সহায়তায় তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং সুস্থ হয়ে নিজের বাসায় চলে যান।
তবে বিকেলের পর থেকেই কারখানার আশপাশে আকস্মিকভাবে গুজব ছড়িয়ে পড়ে যে, দুপুরের ওই ঘটনায় আহত শ্রমিক মোছা. দিলরুবা আক্তার মিলি মারা গেছেন। তার মৃত্যুর এই মিথ্যা খবর দ্রুত শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এরই জেরে সন্ধ্যার দিকে ফিন বাংলা অ্যাপারেলস কারখানার সামনে প্রায় ২৫০ থেকে ২৮০ জন শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি কারখানা কর্তৃপক্ষ এবং দিলরুবা আক্তার মিলির নজরে আসে। নিজের মৃত্যুর এমন গুজব শুনে মোছা. দিলরুবা আক্তার মিলি নিজেই ফিন বাংলা অ্যাপারেলস কর্তৃপক্ষের সঙ্গে গাছা থানায় উপস্থিত হন। সেখানে তিনি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সামনে নিজের সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং দুপুরে কারখানার সামনে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত বিবরণ তুলে ধরেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে গাছা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এমন স্পর্শকাতর বিষয়ে গুজব ছড়িয়ে শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দুপুরে বহিরাগতদের কারখানায় প্রবেশে বাধা দেওয়ার বিষয়টিও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।