ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,  ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১ ও আহত ৪ শেখ হাসিনার ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: সালাহউদ্দিন আহমদ পুলিশ প্রশাসনে রদবদল: সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ ১০ ঘণ্টার বৈঠকে চূড়ান্ত পোশাকশ্রমিকদের বেতন, কোন গ্রেডে কত বাড়ল? দিনে মিছিলের পর রাতে বিএনপি নেতার বাড়িতে পুলিশের তাণ্ডব গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ১১ পুলিশ ও আনসার সদস্য আহত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের আমেজ মার্কিন গোয়েন্দা নেটওয়ার্কে সাইবার হামলা, ফাঁস আন-ক্লাসিফায়েড তথ্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ ও ১৫ কারখানা ছুটি


  • আপলোড সময় : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ সময় : ১১:৪১ এএম

শিল্পনগরী গাজীপুরের গুরুত্বপূর্ণ দুটি মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভে নেমেছেন স্থানীয় পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক পয়েন্টে শ্রমিকদের অবস্থানের কারণে অচল হয়ে পড়েছে যানচলাচল, সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এক স্থান থেকে সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে আবারও সড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে জেলার অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা নিয়মিত কাজে যোগ না দিয়ে আকস্মিকভাবে সড়কে নেমে আসেন। তারা মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করলে মুহূর্তেই ব্যস্ততম এই দুটি রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং আটকা পড়েন হাজারো যাত্রী ও পণ্যবাহী যানবাহন।


ঘটনার শুরুতে সকালে নাওজোড় এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা একজোট হয়ে সড়ক অবরোধ করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা সড়ক ছাড়তে অস্বীকৃতি জানালে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


অন্যদিকে, প্রায় একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই এলাকাতেও যানচলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি একই মহাসড়কের ভবানীপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করলে সেখানেও যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ডমাইকে বারবার ঘোষণা দিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক স্থান থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা ছড়িয়ে-ছিটিয়ে পাশের অন্য পয়েন্টে গিয়ে পুনরায় সড়ক অবরোধ করার চেষ্টা করছেন।


সড়কে শ্রমিকদের এই টানা বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে শিল্পাঞ্চলে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে গাজীপুরের ১৫টি পোশাক কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে। কারখানা ছুটি ঘোষণার পর শ্রমিকদের একটি অংশ বাড়ির পথে ফিরে গেলেও বিভিন্ন পয়েন্টে এখনো বিক্ষিপ্তভাবে শ্রমিকদের অবস্থান দেখা যাচ্ছে।


সার্বিক বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, আন্দোলনরত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছত্রভঙ্গ করতে পুলিশ মাঠে কাজ করছে। মহাসড়কে যানচলাচল পুরোপুরি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।


এ সম্পর্কিত আরো খবর