২০১৫ সালে রাজধানীর খিলগাঁওয়ে কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। দীর্ঘদিন পর পুরোনো এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় গ্রেপ্তার অভিযান জোরদার হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা। ডিবি সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর থেকে এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন মামলায় মোট চারজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্য কর্মকর্তারা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।
আজ গ্রেপ্তার হওয়া পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং তাঁর বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই ডিবি তাঁকে গ্রেপ্তার করে।
মামলার বিবরণ অনুযায়ী, নুরুজ্জামান জনি খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে ওই দিন রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও খেলার মাঠে কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। দায়ের করা ওই মামলায় সাবেক ও বর্তমান ১৩ পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনের নাম উল্লেখ করা হয়। আসামিদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে উল্লেখ রয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।