আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ ও ভাষাগতভাবে সক্ষম করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ বিরতির পর বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নতুন অধ্যায় শুরু হওয়ায় অভিবাসন খাতে স্বচ্ছতা ও সাশ্রয়ী ব্যবস্থার এক নতুন দৃষ্টান্ত তৈরি হলো। প্রথম দফায় ১১২ জন কর্মীর যাত্রার মধ্য দিয়ে এই উদ্যোগ আনুষ্ঠানিকভাবে গতি পেল।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান এবং অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন; আজ ১১২ জন কর্মী যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছে সরকার। অনেক দিন ধরে এই কার্যক্রম বন্ধ থাকলেও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে বলে কৃতজ্ঞতা জানান তিনি।
বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষাগত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশেরও লাভ হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসের মধ্যে সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রমও শুরু করা হবে, যাতে কর্মক্ষেত্রে কাজ করতে তাদের সুবিধা হয়।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আপনারা সুস্থভাবে সেখানে পৌঁছে সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। বিদেশে কর্মরত বাংলাদেশিদের কাজ ও আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে উল্লেখ করে তিনি বলেন, কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে অন্য বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতে বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে। পরে রেমিটেন্স যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এই কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন এবং নিয়োগকর্তার পক্ষ থেকে আবাসন ও চিকিৎসা সুবিধা পাবেন। সব অভিবাসন ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে এবং দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এর আগে চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া গিয়ে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার উন্মুক্ত করা ও অভিবাসন ব্যয় কমিয়ে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর বিষয়ে একমত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।