প্রাণঘাতী এইচআইভি সংক্রমণ প্রতিরোধে যুগান্তকারী এক ইনজেকশনের সাশ্রয়ী জেনেরিক সংস্করণের প্রথম চালান পেতে যাচ্ছে আফ্রিকার দেশ উগান্ডা। এর মধ্য দিয়ে যেসব অঞ্চলে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি, সেখানে লাখ লাখ মানুষের নাগালে প্রতিরোধমূলক এই চিকিৎসা পৌঁছানোর নতুন আশা তৈরি হয়েছে। সাশ্রয়ী মূল্যে এই ওষুধের সরবরাহ শুরু হওয়ায় বৈশ্বিক এইচআইভি মোকাবিলায় বড় অগ্রগতির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।
গ্লোবাল ফান্ডের তথ্য অনুযায়ী, ‘লেনাক্যাপাভির’ নামের এই জেনেরিক ওষুধটির প্রথম বৈশ্বিক চালান বুধবার জাম্বিয়ায় পৌঁছেছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই উগান্ডায় এর সরবরাহ শুরু হবে। বছরে দুবার ইনজেকশন হিসেবে প্রয়োগযোগ্য এই ওষুধ এইচআইভি প্রতিরোধে প্রায় ১০০ শতাংশ কার্যকর এবং এর বার্ষিক খরচ জনপ্রতি মাত্র ৪০ ডলার হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আগামী বছরের শুরুতে জিম্বাবুয়েতেও এই চালান পৌঁছানোর কথা রয়েছে এবং এরপর আরও কয়েকটি দেশে তা সরবরাহ করা হবে। মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সেসের তৈরি মূল সংস্করণ আফ্রিকার সাব-সাহারা অঞ্চলে সহজলভ্য হওয়ার মাত্র এক বছর পরই এই সাশ্রয়ী জেনেরিক সংস্করণটি এসেছে। যুক্তরাষ্ট্রে মূল সংস্করণটির বার্ষিক খরচ ছিল প্রায় ২৮ হাজার ডলার, যা উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ মানুষের সামর্থ্যের বাইরে ছিল। লেনাক্যাপাভির এইচআইভির সুরক্ষামূলক প্রোটিন আবরণকে নিশানা বানিয়ে শরীরে ভাইরাসটির বংশবিস্তার ও সংক্রমণের ক্ষমতাকে বাধাগ্রস্ত করে।
২০২৪ সালে উগান্ডা ও দক্ষিণ আফ্রিকার ৫ হাজারের বেশি কিশোরী ও তরুণীর ওপর পরিচালিত এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যায়, যারা এই ইনজেকশন নিয়েছিলেন, তাদের কেউই এইচআইভিতে আক্রান্ত হননি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রচলিত এইচআইভি প্রতিরোধী বড়ি বা প্রি-এক্সপোজার প্রোফিল্যাক্সিসের তুলনায় এই ইনজেকশন অনেক বেশি কার্যকর ও সুবিধাজনক, কারণ প্রতিদিন বড়ি খাওয়ার ঝামেলা এবং এর সঙ্গে যুক্ত সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি এটি এড়াতে সহায়তা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৫ সালের জুলাইয়ে এইচআইভি প্রতিরোধে ওষুধটি ব্যবহারের সুপারিশ করেছিল।
আফ্রিকায় এই ওষুধের সহজলভ্যতাকে এইচআইভির বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য হিসেবে অভিহিত করেছে গ্লোবাল ফান্ড। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে অত্যন্ত কার্যকর ও মানসম্মত জেনেরিক এইচআইভি প্রতিরোধী ওষুধের প্রাপ্যতায় এটি এক নজিরবিহীন গতির সূচনা করেছে। গ্লোবাল ফান্ডের তথ্য অনুযায়ী, ১০টি দেশের ১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ ইতোমধ্যে লেনাক্যাপাভিরের প্রথম ডোজ নিয়েছেন। চলতি বছরের শেষ নাগাদ ২৪টি দেশ এই সরবরাহ পাবে বলে আশা করা হচ্ছে এবং মার্কিন সরকারের সঙ্গে যৌথভাবে ২০২৮ সালের শেষ নাগাদ অন্তত ৩০ লাখ মানুষের কাছে তা পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ১২০টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে এটি সহজলভ্য করার লক্ষ্য রয়েছে।
বিশ্বব্যাপী এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের প্রায় দুই-তৃতীয়াংশই আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বাসিন্দা এবং সেখানে কিশোরী ও তরুণীরা আনুপাতিক হারের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। বিশ্বে সবচেয়ে বেশি এইচআইভি পজিটিভ জনসংখ্যা রয়েছে দক্ষিণ আফ্রিকায়, যেখানে প্রায় ৮০ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত; দেশটিও এই সাশ্রয়ী ইনজেকশন পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গত বছর বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ১০ লাখ মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছিলেন এবং এইচআইভিসংশ্লিষ্ট রোগে ৫ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে মার্কিন বৈদেশিক সহায়তায় ব্যাপক কাটছাঁটের ফলে আফ্রিকায় এইচআইভি মোকাবিলায় কয়েক দশকের অগ্রগতি ব্যাহত হতে পারে—এমন উদ্বেগের মাঝেই এই ওষুধের সরবরাহ শুরু হলো। আফ্রিকার অনেক দেশই প্রতিরোধ ও চিকিৎসার জন্য আন্তর্জাতিক তহবিলের ওপর নির্ভরশীল। অন্যদিকে, ২০৩০ সালের মধ্যে জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে এইডসের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করেছে জাতিসংঘ।
সূত্র: বিবিসি।