আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন ও সংশ্লিষ্ট বিষয়ে ভারতকে দুটি চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত কোনো উত্তর মেলেনি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। চুক্তির মেয়াদ ফুরিয়ে আসার সময় ঘনিয়ে আসায় দ্রুত সমাধানের প্রত্যাশা করছে বাংলাদেশ। একই সঙ্গে প্রতিবেশী দেশের উত্তরের অপেক্ষায় না থেকে পানি সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে বিকল্প প্রকল্পও জোরদার করেছে সরকার।
বৃহস্পতিবার রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের কাছে দুটি চিঠি পাঠানো হয়েছে; একটি চিঠির কোনো উত্তর আসেনি এবং তিনি নিজে ব্যক্তিগতভাবে আরেকটি চিঠি পাঠালেও এখনো কোনো জবাব পাননি। বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
ভারত সরকারের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ আশা করে প্রতিবেশী দেশটি কোনো বিশেষ ব্যক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। ভারত বন্ধুত্বের মনোভাবের পরিচয় দেবে এবং গঙ্গার পানি বণ্টন ইস্যু সমাধানে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
বিএনপির এই যুগ্ম মহাসচিব আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের উত্তরের অপেক্ষায় হাত গুটিয়ে বসে নেই বাংলাদেশ। পানি সংরক্ষণ এবং উৎপাদন ও উন্নয়ন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে। পাশাপাশি পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে বলে জানান তিনি।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের প্রসঙ্গ টেনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, পূর্ববর্তী ফ্যাসিবাদের আমলের হত্যা, গুম, ছাত্র-শিশু হত্যা, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির ওপর ভিত্তি করে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়। সীমান্তে ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে এ্যানি জানান, তাঁরা ইতোমধ্যে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। হাইকমিশনার সাক্ষাৎ করে নানা আশ্বাস দিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল এখনো দেখা যায়নি। তবে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলে আশাবাদ প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী।