খাদ্য নিরাপত্তা ও মজুত জোরদার করতে যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার বা জিটুজি পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গম আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। একই বৈঠকে খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় ৫৩০ কোটি টাকার বেশি ব্যয়ে একটি নির্মাণকাজের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
গত বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয় এবং বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে জিটুজি পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। নির্ধারিত এই পরিমাণের সঙ্গে প্রয়োজনে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে। এই গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। প্রতি মেট্রিক টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার। সব মিলিয়ে এই আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা, যার ফলে প্রতি কেজি গমের জন্য ব্যয় পড়বে ৪৩ টাকা ৩৮ পয়সা।
অন্যদিকে, স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়নাধীন ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)’-এর আওতায় ৫৩০ কোটি টাকার বেশি ব্যয়ে একটি নির্মাণকাজের প্রস্তাব অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের আওতায় পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ, ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া বা ডিএমএ প্রতিষ্ঠা, মিটারসহ গ্রাহক সংযোগ স্থাপন এবং খুলনা ওয়াসার বিদ্যমান এলাকায় ৬৩টি ডিএমএর সংস্কার করা হবে। পাশাপাশি দুই বছর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর থাকবে।
এ কাজের জন্য চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না ফার্স্ট মেটালার্জিক্যাল গ্রুপ কোম্পানি লিমিমিটেডকে সুপারিশ করা হয়েছে। নির্মাণকাজটির মূল চুক্তিমূল্য ধরা হয়েছে ৫৩০ কোটি ২৪ লাখ ২৪ হাজার ৩৬৫ টাকা ৮০ পয়সা। খাদ্য ও নগর অবকাঠামো খাতের এই দুটি গুরুত্বপূর্ণ অনুমোদন সরবরাহ ব্যবস্থা এবং নাগরিক সেবা সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।