কুয়েতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবারের এই হামলায় প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষে চারজন আহত হয়েছেন বলে দেশটি নিশ্চিত করেছে। আঞ্চলিক উত্তেজনার ধারাবাহিকতায় এই হামলা উপসাগরীয় অঞ্চলে নতুন করে উদ্বেগ ও নিরাপত্তা শঙ্কা তৈরি করেছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে একাধিক ড্রোন ছোড়া হয়েছে এবং সেগুলোর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করা হয়েছিল। তবে লক্ষ্যবস্তু করা সেই গুরুত্বপূর্ণ স্থাপনাটি কী, তা প্রকাশ করেনি মন্ত্রণালয়। হামলায় আহত চারজনের মধ্যে একজন কুয়েতি, দুজন ইতালিয়ান এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে তাঁরা আহত হন এবং চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে।
কুয়েতে ইরানের হামলার প্রায় একই সময়ে সৌদি আরবের উপকূলীয় অঞ্চল জিজানে হামলা চালায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর আগে গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর কুয়েতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। সে সময় একটি ড্রোন হামলায় কুয়েতে ছয় মার্কিন সেনা প্রাণ হারান এবং ভুলক্রমে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছিল।
উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে কুয়েত ছোট হলেও দেশটিতে যুক্তরাষ্ট্রের সেনাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। মূলত সেসব মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানোর পটভূমি তৈরি হয়েছে। এর আগে গত সপ্তাহে বাহরাইনে একাধিকবার ড্রোন হামলা চালায় ইরান এবং সর্বশেষ হামলায় একটি তেল ডিপোতে ভয়াবহ আগুন লাগে।
সূত্র: আলজাজিরা।