ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পেলেও প্রধানমন্ত্রিত্ব ধরে রাখতে মরিয়া তৎপরতা শুরু করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট নতুন সরকার গঠনের দৌড়ে এগিয়ে থাকলেও ক্ষমতার পালাবদল ঠেকাতে নানা কৌশলে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। ঐক্যের প্রস্তাব, বিরোধী জোটে ভাঙন ধরানো এবং ইরানে নতুন করে হামলার মতো তিন কৌশল নিয়ে এগোচ্ছেন নেতানিয়াহু।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি এবং গাদি আইজেনকটের জোট ৪৮টি আসন পায়। অন্যদিকে ইসরায়েলি-আরব নেতাদের জোট জয়েন্ট লিস্ট ১১টি এবং আরব নেতা মনসুর আব্বাসের দল রাআম ৮টি আসন লাভ করে। ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসন প্রয়োজন। নির্বাচনের ফলাফলের পর রাজনৈতিক দল ও জোটগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসেন ইসরায়েলের প্রেসিডেন্ট হারজগ। সেই আলোচনায় আইজেনকটকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর পক্ষে সমর্থন জানায় মোট ৬৭ আসনের দল ও জোটগুলো। ফলে নেতানিয়াহুর জোট বেশি আসন পেলেও প্রেসিডেন্ট আইজেনকটকেই সরকার গঠনের দায়িত্ব দেন।
সরকার গঠনের আগেই পার্লামেন্টে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে ধাক্কা খায় নেতানিয়াহু শিবির। তাঁর মনোনীত প্রার্থীকে হারিয়ে স্পিকার নির্বাচিত হন আইজেনকটের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাতান কাহানা। ডেপুটি স্পিকার হন জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি। এই ফলাফল ইঙ্গিত দেয় যে আইজেনকট সরকার গঠনে সফল হওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এত সহজে হাল ছাড়ছেন না নেতানিয়াহু। ইসরায়েলবিষয়ক লেখক ও বিশ্লেষক মায়সারা বাহর আল-জাজিরাকে বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য নেতানিয়াহু যা কিছু প্রয়োজন, তা-ই করতে পারেন।
ইসরায়েলি লেখক ও হারেৎজ পত্রিকার সাবেক সম্পাদকীয় লেখক আকিভা এলদার আল-জাজিরায় লেখা নিবন্ধে নেতানিয়াহুর সামনে থাকা তিনটি প্রধান কৌশলের কথা তুলে ধরেছেন। প্রথম কৌশল হলো আইজেনকটের জোটের সঙ্গে ঐক্যের সরকার গঠন নিশ্চিত করে তাতে যুক্ত হওয়া। দ্বিতীয় কৌশল হলো বিরোধী জোটের সমর্থক দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করে সরকার গঠনপ্রক্রিয়া ব্যর্থ করে দেওয়া এবং নতুন পার্লামেন্ট নির্বাচন নিশ্চিত করা। তৃতীয় কৌশল হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়ে ইরানে নতুন করে হামলা চালানো; এতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে জরুরি বা ঐক্যের সরকার গঠনে বিরোধী জোটকে বাধ্য করা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
আইজেনকটের সঙ্গে ঐক্যের সরকার গড়তে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। একাধিক দফা আলোচনা চললেও এখনো কোনো সমঝোতা হয়নি। আইজেনকট বিভিন্ন সময় বলেছেন, নেতানিয়াহু দল বা জোটের কোনো আইনপ্রণেতা বিরোধী জোটের মূলনীতিতে আস্থা রেখে যোগ দিতে চাইলে তা সম্ভব, তবে নেতানিয়াহুকে বাদ দিয়ে। এই আলোচনা শুরু হওয়ায় বিরোধী জোটের ভেতরে অস্বস্তি ও মতবিরোধ তৈরি হয়েছে। ডেমোক্র্যাটস পার্টির ইয়ার গোলান ক্ষুব্ধ হয়ে আইজেনকটের দলের সঙ্গে তাঁর দলের আলোচনার প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, ঐক্যের প্রস্তাব দিয়ে বিরোধী শিবিরে মতবিরোধ উসকে দিয়ে একসঙ্গে একাধিক কৌশল সক্রিয় করতে পেরেছেন নেতানিয়াহু।
বিরোধী জোটে ভাঙন ধরানোর চেষ্টার অংশ হিসেবে আইজেনকটের জোটের দুই গুরুত্বপূর্ণ নেতা সাবেক প্রধানমন্ত্রী ও বিয়াচাদ পার্টির নাফতালি বেনেট এবং ইসরায়েল বেইতেনু পার্টির আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ ব্রিফিংয়ের কথা বলে এই বৈঠক ডাকা হলেও মূল আলোচনায় ছিল সরকার গঠন। বৈঠকের আগে বিষয়টি জোটের সবার কাছে গোপন রাখায় বেনেটকে নিয়ে সন্দেহ-অবিশ্বাস তৈরি হয়। পরে বেনেট জানান, তিনি জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে, তবে অন্তত শুরুতে প্রধানমন্ত্রী হতে হবে আইজেনকটকে। অন্যদিকে লিবারম্যান নেতানিয়াহুকে নিয়ে কোনো ঐক্যের সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে এটিকে ফাঁদ আখ্যা দেন এবং স্পষ্ট জানান, তিনি নেতানিয়াহুর সঙ্গে সরকারে যাবেন না।
এদিকে আরব দলগুলো সরাসরি সরকারে না থাকলেও বাইরে থেকে আইজেনকটকে সমর্থন দেওয়ার অবস্থান নিয়েছে। প্রকাশ্যে আরব নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও গোপনে জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি ও রাআম নেতা মনসুর আব্বাসের সঙ্গে যোগাযোগ করেছেন নেতানিয়াহু। আইজেনকটকে সমর্থন না দিয়ে সরকার গঠনপ্রক্রিয়া ব্যর্থ করার প্রস্তাব তিনি দিয়েছিলেন বলে এই দুই নেতা তথ্য ফাঁস করেন এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক নেতা যোগাযোগের বিষয়টি স্বীকার করেন। জেরুজালেম সেন্টার ফর স্টাডিজ অন ইসরায়েলি অ্যাফেয়ার্সের গবেষক ইয়াসের মান্না আল-জাজিরাকে বলেন, নেতানিয়াহুর নিজের জোট গড়ার দরকার নেই; আইজেনকটকে জোট গড়তে না দিলেই আপাতত তাঁর পদ টিকে থাকতে পারে।
নেতানিয়াহুর তৃতীয় কৌশল হিসেবে ইরানে হামলার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলার জন্য ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু। কিংস কলেজ লন্ডনের রাজনৈতিক বিশ্লেষক আহরন ব্রেগম্যান আল-জাজিরাকে বলেন, নেতানিয়াহু মরিয়া এবং আবার যুদ্ধ বাধিয়ে সংকটের অজুহাতে ঐক্যের সরকার গড়তে আইজেনকটকে বাধ্য করার কৌশল নিতে পারেন তিনি। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ১৩ নভেম্বর মোসাদের প্রধান রোমান গোফম্যান ওয়াশিংটনে যান। অ্যাক্সিওস জানায়, সেখানে তিনি সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে এবং মিয়ামিতে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেন; এর আগে ট্রাম্প ও নেতানিয়াহুর ফোনালাপে ইরান যুদ্ধ নিয়ে কথা হয়।
তবে আইজেনকটের মতে, নতুন সরকার গঠনের আগে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো ইরানের তাৎক্ষণিক হুমকি নেই; বরং অবশিষ্ট সমৃদ্ধ ইউরেনিয়ামের দিকে মনোযোগ দেওয়া উচিত। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, নেতানিয়াহুর অন্তর্বর্তী মন্ত্রিসভা সেনাবাহিনীকে ইরানে হামলার প্রস্তুতি জোরদার করতে বললেও সেনাপ্রধান এয়াল জামির এখনই যুদ্ধে জড়ানোর আশু প্রয়োজনীয়তা দেখছেন না। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক সতর্ক করেছেন, নতুন সরকার গঠন আটকাতে উসকানি দিয়ে ইরানকে পাল্টা জবাবে বাধ্য করার চেষ্টা হতে পারে এবং এতে লেবানন, গাজা বা পশ্চিম তীরকেও জড়িয়ে ফেলা হতে পারে। ইতোমধ্যে লেবানন, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা অব্যাহত রয়েছে।
সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল, অ্যাক্সিওস।