ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,  ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় ১৩ গুণী সাংবাদিককে সম্মাননা ও অর্থসহায়তা প্রদান চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট সাশ্রয়ী এইচআইভি প্রতিরোধী ইনজেকশন পৌঁছচ্ছে আফ্রিকায় কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের ড্রোন হামলা, তদন্তে ধোঁয়াশা গঙ্গার পানি চুক্তি নিয়ে দুবার চিঠিতেও সাড়া মেলেনি: পানিসম্পদমন্ত্রী ডিভোর্স হয়নি আমাদের, মান-অভিমান থেকেই আলাদা: ন্যান্সি বিদেশে কর্মীদের আচরণেই নির্ভর করবে দেশের ভাবমূর্তি: প্রধানমন্ত্রী ১ হাজার ৯০৮ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে সরকার জিয়াউল আহসানের ফাঁসি ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি রাষ্ট্রপক্ষের ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

ইসরায়েলের হাতে ৯০ পারমাণবিক ওয়ারহেড, আরও ২৫০ বোমা তৈরির সক্ষমতা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৪৯ এএম

দীর্ঘ কয়েক দশক ধরে পারমাণবিক অস্ত্রের মালিকানা নিয়ে আনুষ্ঠানিকভাবে নীরবতা বজায় রেখেছে ইসরায়েল। তবে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর সাম্প্রতিক মূল্যায়নে দেশটির গোপন পারমাণবিক ভাণ্ডার সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গবেষকদের মতে, ইসরায়েলের হাতে আনুমানিক ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং তাদের কাছে থাকা প্লুটোনিয়ামের মজুত দিয়ে তাত্ত্বিকভাবে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রে নতুন নির্মাণকাজের তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নতুন করে বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।


ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা জোরালো হওয়ার পেছনে ডিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রের সাম্প্রতিক তৎপরতা বড় ভূমিকা রেখেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ডিমোনায় বড় ধরনের নির্মাণকাজের তথ্য সামনে আসার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস (এফএএস) প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডারে প্রায় ৯০টি ওয়ারহেড রয়েছে এবং দেশটির পারমাণবিক অবকাঠামোয় বিনিয়োগ অব্যাহত থাকার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে ডিমোনা কেন্দ্রের সম্প্রসারণ ও নির্মাণকাজ গবেষকদের নজরে এলেও এসব কর্মকাণ্ডের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি বলে তারা সতর্ক করেছেন।


একই ধরনের তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের আরেক খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্টসের প্রতিবেদনেও। গত ১০ নভেম্বর প্রকাশিত ওই মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েলের অস্ত্রভাণ্ডারে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা পাঁচ বছর আগের হিসাবের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞদের ওই মূল্যায়নে আরও উল্লেখ করা হয়েছে, ইসরায়েল এখনো প্লুটোনিয়াম মজুত করে চলেছে এবং দেশটির কাছে সর্বোচ্চ এক হাজার কেজি প্লুটোনিয়াম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী, এই বিপুল পরিমাণ প্লুটোনিয়াম ব্যবহার করে তাত্ত্বিকভাবে আরও ১৬০ থেকে ২৫০টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে এই সক্ষমতা বোমার নকশা ও প্রযুক্তিগত কাঠামোর ওপর নির্ভর করবে। প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে, দ্বিতীয় প্রজন্মের একপর্যায়ের ফিশন-ইমপ্লোশন ওয়ারহেডে বুস্টেড পিট হিসেবে প্রতিটিতে ৪ থেকে ৫ কেজি প্লুটোনিয়াম ব্যবহার করা হলে এই সংখ্যা বাস্তবে রূপ নিতে পারে।


এদিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) ২০২৬ সালের মূল্যায়নেও বিশ্বের নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশের তালিকায় ইসরায়েলের নাম অন্তর্ভুক্ত রয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশের পারমাণবিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যেও স্বচ্ছতার দাবি জোরালো হচ্ছে। গত মে মাসে টেক্সাসের কংগ্রেসম্যান হোয়াকিন কাস্ত্রোর নেতৃত্বে ৩০ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে একটি চিঠি দেন। ওই চিঠিতে মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্য সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতা নিয়ে আরও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পর বিষয়টি আরও সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন আইনপ্রণেতারা।


তবে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নীরব সমঝোতার ইতিহাস কয়েক দশকের পুরোনো। ঐতিহাসিকদের ধারণা, ১৯৬৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেইরের মধ্যে এ বিষয়ে একটি গোপন সমঝোতা হয়েছিল। প্রকাশিত মার্কিন নথিপত্র অনুযায়ী, ইসরায়েল প্রকাশ্যে পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার না করার শর্তে যুক্তরাষ্ট্রও এ বিষয়ে প্রকাশ্যে চাপ সৃষ্টি করা থেকে বিরত থেকেছে।


ইসরায়েলের আনুষ্ঠানিক অবস্থান হলো, মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রবর্তনকারী প্রথম দেশ হবে না তারা। কিন্তু দেশটি এখনো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর করেনি। সব মিলিয়ে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের প্রকৃত সংখ্যা, প্লুটোনিয়াম মজুত ও উৎপাদন সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হলেও তেল আবিব এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট, দ্য টাইমস অব ইসরায়েল।


এ সম্পর্কিত আরো খবর