ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনি ধসে অন্তত ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখনো ১৭ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিধসের কারণে খনির একটি অংশ ভেঙে ভেতরে পানি ঢুকে পড়লে শ্রমিকেরা আটকা পড়েন এবং এই প্রাণহানির ঘটনা ঘটে।
বুধবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, পশ্চিম জাভার বোগর রিজেন্সির সিগুহা এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকস্মিক ভূমিধসের ফলে খনির একটি অংশ ধসে পড়ে এবং দ্রুত সেখানে পানি জমে যায়। এতে খনির ভেতরে কর্মরত শ্রমিকেরা বের হওয়ার সুযোগ পাননি।
জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানান, উদ্ধারকারী দল ইতিমধ্যে ঘটনাস্থল থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো ১৭ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের জীবিত বা মৃত উদ্ধারে জোরালো অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, খনির ভেতরের অত্যন্ত প্রতিকূল পরিবেশের কারণে অভিযান পরিচালনা করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। খনির প্রবেশপথ ও খনন করা অংশ বেশ সরু হওয়ায় ভেতরে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি ভেতরের পথ অসমান, পর্যাপ্ত আলোর অভাব এবং চারপাশে পানি জমে থাকায় উদ্ধারকাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া ভেতরের পিচ্ছিল মাটি উদ্ধারকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দুর্ঘটনাস্থলের আশপাশের আবহাওয়া। এলাকাটিতে হালকা বৃষ্টিপাত হওয়ায় নতুন করে ধস নামার ঝুঁকি তৈরি হয়েছে। তবু উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, পশ্চিম জাভার সিগুহা এলাকাটি দীর্ঘদিন ধরেই অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের জন্য পরিচিত। সেখানে প্রশাসনের অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে খননকাজ পরিচালিত হয়ে আসছে। যথাযথ নিরাপত্তাব্যবস্থা, আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ইন্দোনেশিয়ার এ ধরনের অবৈধ খনিগুলোতে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
সূত্র: আনাদোলু।