যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ ছয়জন আরোহীর সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার পর মার্কিন উদ্ধারকারী দলের ডুবুরিরা সাগরের তলদেশে থাকা বিমানটির ধ্বংসাবশেষের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন। মার্কিন কোস্টগার্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মার্কিন কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সাগরে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। অভিযানের একপর্যায়ে উদ্ধারকারী দলের ডুবুরিরা বিধ্বস্ত উড়োজাহাজটির মূল কাঠামোর ভেতর থেকে ছয়জন আরোহীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুই শিশু রয়েছে। উড়োজাহাজটিতে মোট ছয়জনই আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল সেসনা-২১০ মডেলের। এটি যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের প্যাসকাগুলা শহর এবং হর্ন আইল্যান্ডের মধ্যবর্তী মেক্সিকো উপসাগরের জলসীমায় বিধ্বস্ত হয়। উল্লেখ্য, হর্ন আইল্যান্ড এলাকাটি গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অন্তর্ভুক্ত একটি উপকূলীয় অঞ্চল।
মার্কিন কোস্টগার্ডের মুখপাত্র হুয়ান রস জানান, উড়োজাহাজটিতে থাকা ছয়জন আরোহীর মরদেহই বিমানের মূল অংশের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, এমন করুণ পরিণতি কেউই আশা করেননি। বিভিন্ন সংস্থার সমন্বিত তৎপরতা ও সহযোগিতার কারণে উদ্ধার অভিযানে দ্রুত বিমানের ধ্বংসাবশেষ ও যাত্রীদের সন্ধান পাওয়া সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কোস্টগার্ড আরও জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইল শহরের আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার থেকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর জানানো হয়। এরপরই জরুরি তল্লাশি অভিযান শুরু হয়। ঠিক কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সূত্র: সিবিএস নিউজ।