মিশরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে জ্বালানিবাহী একটি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, হতাহতের এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ছড়িয়ে পড়া আগুনের তীব্রতায় আশপাশের বিস্তীর্ণ এলাকা আতঙ্কিত হয়ে ওঠে এবং জরুরি উদ্ধার তৎপরতা শুরু করে প্রশাসন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে, কায়রোর রিং রোডের পাশে বিশাল এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের প্রবল শিখায় আশপাশের স্থাপনাগুলো আলোকিত হয়ে ওঠে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঘটনাস্থলে ২৩টি অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার যান পাঠানো হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার। পাশাপাশি আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা দিতে কাছের হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে দেওয়া এক প্রাথমিক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, অগ্নিকাণ্ডে নয়জন দগ্ধ হয়েছেন এবং একজন ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার জন্য তাঁদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়ায় এবং আহত হন ২৫ জন। বুধবার দিনের শুরুতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আহরাম জানায়, আল-ওয়াররাক এলাকায় রিং রোডে পেট্রোলিয়ামজাত পণ্য বহনকারী একটি ট্যাঙ্কারে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী এবং পরে সিভিল প্রোটেকশন দলের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডের পর যানজট সামাল দিতে এবং চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে রিং রোডের ওই অংশে যান চলাচল বন্ধ করে দেয় ট্রাফিক কর্তৃপক্ষ। একই সঙ্গে বিকল্প পথে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। তবে ঠিক কী কারণে ট্যাঙ্কারটিতে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ট্যাঙ্কারটি কীভাবে উল্টে গিয়েছিল, সে বিষয়েও কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এই মর্মান্তিক ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন। অন্যদিকে, নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা চালানো হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়।
কায়রোর রিং রোড মিশরের রাজধানীর সঙ্গে গিজা ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সংযোগ স্থাপনকারী ব্যস্ত পরিবহনপথ, যেখানে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রীবাহী ও বাণিজ্যিক যানবাহন চলাচল করে। এর আগে গত জানুয়ারিতে দেশটির বেনি সুয়েফ প্রদেশের কাছে একটি সড়কে একাধিক গাড়ির সংঘর্ষে ২১ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছিলেন।
সূত্র: গাল্ফ নিউজ, আল-আহরাম।