চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্যকে ঘিরে তৈরি হওয়া দীর্ঘদিনের সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। সংকট নিরসনে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় আন্দোলন আরও জোরদার করার অংশ হিসেবে নতুন করে এই কঠোর কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ওই সভা শেষে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন। শিক্ষার্থীরা জানান, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে চুয়েটের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করছেন। তবে বিদ্যমান সংকট সমাধানে এখনো কার্যকর ও টেকসই কোনো পদক্ষেপ না আসায় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। এই বাস্তবতায় সংকটের স্থায়ী সমাধান না আসা পর্যন্ত ২৬ নভেম্বর থেকে কমপ্লিট শাটডাউন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আলোচনা সভা শেষে রাত ২টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
আন্দোলন প্রসঙ্গে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, গত দুই মাস ধরে চুয়েটে চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আসছেন, কিন্তু সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে সব ব্যাচের শিক্ষার্থীদের সম্মতিক্রমে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।
নতুন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন বিকেল ৩টায় চুয়েটের উপাচার্য ইস্যুতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাহী কমিটির সদস্যদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। ওই সিদ্ধান্তের প্রতিবাদে সে সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হলেও সংকটের সমাধান না হওয়ায় প্রায় এক মাসের ব্যবধানে আবারও শাটডাউনের ঘোষণা এলো।