আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠেয় কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ঘিরে জমে উঠেছে স্থানীয় রাজনীতির হিসাব-নিকাশ। আসনটি ধরে রাখতে বিএনপির একাধিক নেতার দৌড়ঝাঁপ ও তৎপরতা যেমন বেড়েছে, তেমনি আগের অল্প ভোটের ব্যবধানকে পুঁজি করে আসনটি নিজেদের করে নেওয়ার স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামী।
ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠেয় এ নির্বাচন সামনে রেখে বিএনপিতে মনোনয়ন পেতে একাধিক নেতার দৌড়ঝাঁপ, সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণায় বাড়ছে নির্বাচনী উত্তাপ। অন্যদিকে, গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত জামায়াতে ইসলামী এবার আসনটি পুনরুদ্ধারে জোর প্রস্তুতি নিচ্ছে। দলটির প্রার্থী হিসেবে আবারও মনোনয়ন পেয়েছেন জিহাদ খান।
বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস এবং তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন। মনোনয়ন পেতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা।
এদিকে, অন্যান্য দলের সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি আলমগীর হোসাইন তালুকদার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।
সবশেষ নির্বাচনে বিএনপির ওসমান ফারুক ১ লাখ ১১ হাজার ৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জিহাদ খান পান ১ লাখ ১ হাজার ২৭৬ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল মাত্র ১০ হাজার ৩৬২।
বিএনপি নেতাকর্মীদের মতে, ওসমান ফারুকের মতো পরিচিত ও অভিজ্ঞ প্রার্থী থাকার পরও জয়ের ব্যবধান ছিল প্রত্যাশার তুলনায় কম। এবার মনোনয়নপ্রত্যাশীদের অধিকাংশই তুলনামূলক নতুন মুখ হওয়ায় আসনটি ধরে রাখা দলটির জন্য চ্যালেঞ্জ হতে পারে। তবে তৃণমূলে গ্রহণযোগ্য ও জনপ্রিয় কাউকে মনোনয়ন দেয়া হলে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তারা।
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল বলেন, দলের তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেয়া হলে নেতাকর্মীদের নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে নির্বাচনে জয়ী হয়ে ঘরে ফিরতে চান তারা।
অন্যদিকে, গত নির্বাচনের ফলকে নিজেদের জন্য ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির নেতাকর্মীদের দাবি, আগের নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও এবার জয়ের ব্যাপারে তারা আশাবাদী। তাদের মতে, এবারের নির্বাচনে বিএনপির তেমন হেভিওয়েট প্রার্থী নেই। এই সুযোগ কাজে লাগিয়ে আসনটি নিজেদের করে নিতে চান তারা।
করিমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির জোবায়ের আহমেদ বলেন, এবারের নির্বাচনে বিএনপির তেমন হেভিওয়েট প্রার্থী নেই। তাই এবার এ আসনে জামায়াতে ইসলামী জয়ী হবে বলে প্রত্যাশা তাদের।
এদিকে, দলীয় প্রতিদ্বন্দ্বিতার বাইরে ভোটারদের প্রত্যাশা এলাকার উন্নয়ন ও যোগ্য নেতৃত্ব। দল কিংবা প্রার্থীর পরিচয়ের চেয়ে সৎ, যোগ্য এবং এলাকার মানুষের জন্য কাজ করবেন, এমন জনপ্রতিনিধি চান তারা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসনটির ১৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম।
করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি নির্বাচনী প্রস্তুতির মধ্যে শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেবেন এ আসনের ভোটাররা, তা জানা যাবে আগামী ১০ জানুয়ারির নির্বাচনে।