আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ পথচলায় আরেকটি অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার; যার ফলে দেশের জার্সিতে এটিই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ। শনিবার বিসিবির পর্ষদ সভার পর এ ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজের প্রথম ম্যাচ হবে মিরপুরে। সেই ম্যাচ খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম। ইতোমধ্যেই ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। ফলে বাংলাদেশের জার্সিতে মিরপুর টেস্টই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও জানান তামিম ইকবাল।
বিসিবি সভাপতি আরও বলেন, আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি বলে যোগ করেন তিনি।
মুশফিকের অবসরের সিদ্ধান্তে নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন তামিম ইকবাল। তিনি বলেন, তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খারাপ লাগছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি স্মরণীয় আয়োজন হিসেবে দেখতে চাই বলেও উল্লেখ করেন বিসিবি সভাপতি।
দীর্ঘ ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮ টেস্ট খেলেছেন তিনি। ১৯৯ ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। মিরপুর টেস্ট দিয়েই লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।