রাজধানীর হাতিরঝিল এলাকায় ফের একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের অফিসে ঢুকে এক রাউন্ড গুলি ছুড়ে দুর্বৃত্তরা; তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। চলতি মাসের মাঝামাঝি সময়েও একই এলাকায় আরেকটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছিল।
রাজধানীর হাতিরঝিল এলাকায় এবার ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে দুর্বৃত্তরা ডি এল নেটওয়ার্ক অফিসে ঢুকে এক রাউন্ড গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে অফিসের দেওয়ালে লাগে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, কী কারণে সেখানে গুলির ঘটনা ঘটল, তা প্রাথমিকভাবে জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। ওইদিন প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছিল দুর্বৃত্তরা। একের পর এক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।