সাতক্ষীরা প্রতিনিধি:
সীমান্ত দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে তাঁকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেছেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই, যারা শেখ হাসিনাকে আর দেশে ফিরিয়ে আনতে পারবে। ভোমরা স্থলবন্দর দিয়ে তাঁর দেশে প্রবেশের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাবিবুল ইসলাম হাবিব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদ এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোধের দাবিতে জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘পৃথিবীর এমন কোনও শক্তি নেই যে, শেখ হাসিনাকে আর দেশে ফেরাতে পারে।’ তিনি আরও বলেন, ‘ভোমরা বন্দর দিয়ে শেখ হাসিনার দেশে আসার কোনও সুযোগ নেই। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাকে প্রতিহত করা হবে।’
জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রাহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগের উদ্দেশে হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আপনারা সরকার ফেলে দেওয়ার দিবাস্বপ্ন দেখবেন না। সাতক্ষীরা সীমান্তে কিছু হলে তাদের শুধু প্রতিহত করা হবে না, কঠোরভাবে দমন করা হবে।’
সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান।
বক্তব্যে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘খুনের পিপাসা তাদের গ্রাস করেছে। কোনওভাবেই বাংলার মানুষ তাদের আর গ্রহণ করবে না।’
সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ বলেন, ‘সরকার চিঠি দিয়েছে তাকে ফেরত দেওয়ার জন্য। তিনি ওভাবে আসবেন না, আসবেন সীমান্ত দিয়ে। সাতক্ষীরা দেশের ৬৪ জেলার মধ্যে ব্যতিক্রম; এই সীমান্ত দিয়ে তাকে ফেরত আসতে দেওয়া হবে না।’
জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটি বর্ডারে ছাত্র-জনতা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। কোনওভাবেই সীমান্ত দিয়ে পতিত শেখ হাসিনাকে দেশে ঢুকতে দেওয়া হবে না।’
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়, যে সরকারপ্রধান দেশ থেকে পালিয়ে যায়, সে আর কখনো ফিরে আসে না। হাসিনার ফিরে আসার সব অপচেষ্টা রুখে দেওয়া হবে।’
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি ভারত ও দেশটির জনগণের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশে থাকার অধিকার আওয়ামী লীগের নেই। তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান বলেন, ‘১৪শ মানুষের রক্তের বিনিময়ে পালিয়ে যাওয়া হাসিনার ঠাঁই বাংলার মাটিতে হবে না। সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, বিএনপি নেতা আয়ুব হোসেন মুকুল, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, পৌর বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক সদস্য সচিব আতাউর রহমান, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মীর্জা অর্ঘ্য এবং মৎস্যজীবী দলের নেতা বাবলু।
সমাবেশে বক্তারা সীমান্তে নিরাপত্তা জোরদার এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অনুপ্রবেশ প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।