সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে দুই ব্যক্তিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ৮০ কেজি চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নূরনগর বাজারে দুটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়। অভিযানে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ৫০ হাজার টাকা এবং অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান, উপজেলা মৎস্য কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং শ্যামনগর থানা পুলিশের সদস্যরা।
অভিযান শেষে জব্দ করা ৮০ কেজি চিংড়ি জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চিংড়িতে অপদ্রব্য পুশের মতো অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিরাপদ ও মানসম্মত মৎস্য উৎপাদন এবং বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।