ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,  ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুর টেস্ট খেলেই অবসরে যাচ্ছেন মুশফিকুর রহিম: তামিম ইকবাল হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে দেয়ালের আঘাত ৬৪ জেলায় চালু হচ্ছে কিডনি ডায়ালাইসিস সেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কুমিল্লায় জলাবদ্ধতা নিরসন ও ঘাটলা নির্মাণে কুসিক প্রশাসকের নির্দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় বিপ্লবী পরিষদের অবস্থান টিটন হত্যা মামলায় সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে এআই পরাশক্তি হতে বড় পরিকল্পনা নিয়েছে ইসরায়েল কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে বিএনপির দৌড়ঝাঁপ, জয়ের আশায় জামায়াত আইসিজের মাধ্যমে হাসিনাকে দেশে আনা হতে পারে: স্পিকার ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ নেতার

মাঠে বাঁধাকপি ৫ টাকা, বাজারে বিক্রি ২৫ টাকায়


  • আপলোড সময় : শনিবার ২৮ নভেম্বর, ২০২৬ সময় : ৭:৩৩ পিএম

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

মাঠজুড়ে সবুজ বাঁধাকপির সমারোহ, ফলনও হয়েছে বেশ ভালো। কিন্তু সেই সাফল্য কৃষকের মুখে হাসি ফোটাতে পারেনি। জমিতে প্রতিকেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৭ টাকায়। অথচ একই বাঁধাকপি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। উৎপাদন খরচ তো দূরের কথা, শ্রমিক ও পরিবহন ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। লোকসানের বোঝা কমাতে অনেক কৃষক জমির বাঁধাকপি কেটে গবাদিপশুকে খাওয়াতে বাধ্য হচ্ছেন।


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এবার অনুকূল আবহাওয়ায় বাঁধাকপির বাম্পার ফলন হয়েছে। কিন্তু একসঙ্গে বিপুল পরিমাণ সবজি বাজারে ওঠায় দরপতন দেখা দিয়েছে। কৃষকের উৎপাদন খরচ এবং বাজারের বিক্রয়মূল্যের মধ্যে বড় ব্যবধান তৈরি হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক চাষিরা।


কৃষকদের অভিযোগ, জমি থেকে কম দামে বাঁধাকপি কিনে নিচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। অথচ বাজারে ভোক্তাদের সেই কপি কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে। এতে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ভোক্তারাও কম দামে সবজি কেনার সুযোগ পাচ্ছেন না।


শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী পৌর এলাকার পাইকারি সবজির বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকা দরে। অথচ নভেম্বরের শুরুতে একই বাজারে প্রতিকেজি বাঁধাকপি বিক্রি হয়েছিল ৪০ থেকে ৪৫ টাকা দরে।


বাজারের তথ্য অনুযায়ী, ১৫ নভেম্বর প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা, ১৭ নভেম্বর ২৫ থেকে ২৮ টাকা, ২০ নভেম্বর ১৫ থেকে ১৭ টাকা এবং ২৫ নভেম্বর ৭ থেকে ৮ টাকা দরে। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে বাঁধাকপির দাম ব্যাপকভাবে কমে গেছে। বর্তমানে তা নেমে এসেছে ৫ থেকে ৭ টাকায়।


বুজরুক সমসেরনগর গ্রামের বাঁধাকপি চাষি জাহাঙ্গীর আলম ও আবু বক্কর জানান, গত বছরের তুলনায় এবার বাঁধাকপি চাষে বিঘাপ্রতি খরচ বেড়েছে। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি—সব ক্ষেত্রেই অতিরিক্ত টাকা ব্যয় করতে হয়েছে। কিন্তু উৎপাদিত ফসল বিক্রি করতে হচ্ছে পানির দামে। এতে চাষের খরচ উঠবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।


উপজেলার দক্ষিণ কিষ্টপুর গ্রামের বাঁধাকপি চাষি মোস্তাফিজুর রহমান জানান, তিনি দেড় বিঘা জমিতে নিনজা জাতের বাঁধাকপি চাষ করেছেন। চারা, সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ তাঁর খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। কিন্তু জমি থেকে আকার ও প্রকারভেদে প্রতি কেজি ৫ থেকে ৭ টাকা দরে কপি বিক্রি করেও শ্রমিক ও পরিবহন খরচ উঠছে না।


তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ২৫ থেকে ২৭ হাজার টাকার বাঁধাকপি বিক্রি করেছেন। জমিতে আরও কপি রয়েছে। কিন্তু বাজারে দাম না থাকায় সেগুলো বিক্রি করে লাভের আশা দেখছেন না। জমি খালি করার জন্য অবশিষ্ট বাঁধাকপি কেটে গবাদিপশুকে খাওয়াচ্ছেন।


একই ধরনের হতাশার কথা জানিয়েছেন পলিপাড়া গ্রামের সবজি চাষি মানিক চন্দ্র। তিনি বলেন, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি—সবকিছুর দাম বেড়েছে। অথচ উৎপাদিত সবজি বিক্রি করে ন্যায্যমূল্য পাওয়া যাচ্ছে না। কৃষকের কাছ থেকে কম দামে কেনা সবজি বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে। এতে কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


কৃষকরা বলছেন, উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা ও বিপণনব্যবস্থার উন্নয়ন জরুরি। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক থেকে সরাসরি ভোক্তার কাছে সবজি পৌঁছানোর ব্যবস্থা করা গেলে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং ক্রেতারাও তুলনামূলক কম দামে পণ্য কিনতে পারবেন।


এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, এ বছর উপজেলায় ৪২০ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে। এতে মোট উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭০০ মেট্রিক টন। একসঙ্গে বিপুল পরিমাণ বাঁধাকপি উৎপাদন ও বাজারে সরবরাহ হওয়ায় দাম কিছুটা কমেছে। তবে ধীরে ধীরে বাজার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তিনি।


এ সম্পর্কিত আরো খবর