মায়ের অনুপস্থিতি আর মানসিক ভেঙে পড়ায় মৃত্যুর কোলে ঢলে পড়ল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তূর্য। সাপ্তাহিক ছুটির কারণে প্যারোলে মুক্তি না মেলায় শেষ পর্যন্ত ফ্রিজিং ভ্যানে করে সন্তানের মরদেহ কারাগারে নিয়ে যেতে হলো স্বজনদের। শনিবার সকালে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক দৃশ্য নাড়িয়ে দিয়েছে উপস্থিত সবাইকে।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী সন্তান তূর্য মারা গেছে। সাপ্তাহিক ছুটির কারণে শারমিনের প্যারোলে মুক্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি বলে পরিবার সূত্রে জানা গেছে। ফলে সন্তানের মরদেহ মাকে একনজর দেখাতে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে নিয়ে যান স্বজনরা। কারাগার থেকেই অশ্রুসিক্ত চোখে সন্তানকে শেষ বিদায় জানান শারমিন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যানে তুর্যের মরদেহ নিয়ে পৌঁছায় পরিবার। কারা কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভেতরে প্রবেশ করে মহিলা কেন্দ্রীয় কারাগারে গিয়ে তার মা শারমিন সুলতানাকে মরদেহ দেখানো হয়। এরপর স্বজনরা দুপুর সাড়ে ১২টার দিকে কারাগার এলাকা ত্যাগ করেন।
কারাবন্দি শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুর স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবমহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
কারাবন্দি নেত্রীর স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর লালবাগ থানা পুলিশ গভীররাতে বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
স্বামী শাহাদাত হোসেন নিপুন আরও বলেন, তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী ছিল এবং জন্মের পর থেকে মায়ের হাতে খাওয়াদাওয়াসহ দৈনন্দিন সব কাজ করত। মা শারমিন গ্রেপ্তার হওয়ার পর থেকেই শিশুটি প্রচণ্ড মানসিক চাপে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়া-দাওয়া ও নিয়মিত ওষুধ খেতে না পারায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তূর্য এবং মায়ের পথ চেয়ে থেকে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে।
তিনি অভিযোগ করে বলেন, আটকের আগ পর্যন্ত শারমিনের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্রমূলকভাবে তাকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই স্ত্রীর শেষ দেখার জন্য সন্তানের মরদেহ কারাগারে নিয়ে আসেন বলে জানান নিপুন।
কারাগার থেকে বের হওয়ার পর বন্দি শারমিন সুলতানার ছোট বোন শাম্মী বলেন, তার বোন ২০২২ সাল থেকেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। মিথ্যা অভিযোগের মামলায় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে তিনি বলেন, তার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। জামিন না মেলায় মায়ের অনুপস্থিতিতেই তার বোনের সন্তান মারা গেছে। মাত্র পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছিল সন্তানকে শেষবার দেখার জন্য বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। সঙ্গে পরিবারের স্বজনরাও ছিলেন। কারাবিধি ও নিয়ম অনুযায়ী মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।