দেশের অভ্যন্তরে যেকোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরেছে এবং যেকোনো নাশকতা বা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।
শনিবার সকালে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শয্যাপাশে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি দায়িত্ব পালনে সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য আহত সদস্যদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার ঘোষণা দেন মন্ত্রী।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, এসআরবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বর্ডার গার্ড বাংলাদেশ এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। কারো মাথায় আঘাত লেগেছে, আবার কারো হাড় ভেঙে গেছে। অনেকেই প্রাথমিক চিকিৎসা নিলেও বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদী ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
বাহিনীর পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী উল্লেখ করেন, নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়ে সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।
সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কতিপয় ব্যক্তির মন্তব্যের বিষয়ে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে তা দেখার বিষয় নয়, তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।
হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অফিসারদের যথাযথ কর্মপরিকল্পনা বা ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেন এবং হাসপাতালের আধুনিকায়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। পুলিশ সদস্যদের আঘাতজনিত চিকিৎসার কথা বিবেচনা করে অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধি এবং বিশেষায়িত সেবার ওপর তিনি গুরুত্বারোপ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং হাসপাতালে একটি ক্যান্সার শাখা খোলার বিষয়েও ইতিবাচক মত দেন। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক উপমহাপরিদর্শক মোহাম্মদ মুসলিম সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আটজন আহত পুলিশ সদস্যের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত। তারা হলেন— দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, পরিদর্শক মো. আবু আলম এবং মো. রাকিবুল ইসলাম।