ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,  ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় ১৩ গুণী সাংবাদিককে সম্মাননা ও অর্থসহায়তা প্রদান চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট সাশ্রয়ী এইচআইভি প্রতিরোধী ইনজেকশন পৌঁছচ্ছে আফ্রিকায় কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের ড্রোন হামলা, তদন্তে ধোঁয়াশা গঙ্গার পানি চুক্তি নিয়ে দুবার চিঠিতেও সাড়া মেলেনি: পানিসম্পদমন্ত্রী ডিভোর্স হয়নি আমাদের, মান-অভিমান থেকেই আলাদা: ন্যান্সি বিদেশে কর্মীদের আচরণেই নির্ভর করবে দেশের ভাবমূর্তি: প্রধানমন্ত্রী ১ হাজার ৯০৮ কোটি টাকায় যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে সরকার জিয়াউল আহসানের ফাঁসি ও সম্পত্তি বাজেয়াপ্তের দাবি রাষ্ট্রপক্ষের ছাত্রদল নেতা জনি হত্যা মামলায় এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

এএফএর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন মেসি, কমেছে গ্যালারির দর্শকও


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬ সময় : ৯:৪০ এএম

একসময় যে দেশের ফুটবলপ্রেমীরা লিওনেল মেসির খেলা দেখতে ৬০ ডলারের টিকিট ৬০০ ডলারে কিনেছেন, সেখানে প্রীতি ম্যাচের বিরতিতে গেট খুলে দিয়ে বিনা পয়সায় দর্শক ঢোকানোর দৃশ্য যেন এক যুগের শেষ ঘণ্টাই বাজিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের পর আর্জেন্টিনার গ্যালারিতে দর্শক উপস্থিতি যেমন কমেছে, তেমনি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সঙ্গে মেসির দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্কেও বড় ফাটল ধরেছে। দুর্নীতির অভিযোগ ও আইনি জটিলতার ছায়া থেকে নিজেকে আলাদা রাখতে চাইছেন এই মহাতারকা।


গত ১৭ নভেম্বরের ঘটনা। কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ চলাকালে বিরতির সময় কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামের সব গেট খুলে দেওয়া হয়। মাইকে ঘোষণা দিয়ে দর্শকদের বিনা পয়সায় ভেতরে আসতে বলা হলে হাজার হাজার মানুষ মাঠে ঢুকে পড়েন। ৭-০ গোলে ম্যাচটি আর্জেন্টিনা জিতলেও গ্যালারির কিছু অংশ ফাঁকাই রয়ে যায়। সাধারণ প্রীতি ম্যাচ বলে কেউ কেউ বিষয়টি হালকাভাবে নিলেও আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে ফাঁকা গ্যালারি বড় পরিবর্তনের ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।


কোস্টারিকা ম্যাচের কয়েক দিন আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে দাবি করা হয়, লিওনেল মেসি তাঁর আইনজীবীকে নির্দেশ দিয়েছেন এএফএ এবং সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়াকে ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ চিঠি পাঠাতে। অর্থাৎ নিজের নাম ও ছবি বাণিজ্যিক কাজে ব্যবহার করা থেকে বিরত থাকার আইনি নোটিশ দিতে বলেছেন তিনি। দীর্ঘ বিশ বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলের মুখ ছিলেন মেসি; এই সময়ে মেসি যেমন বাণিজ্যিকভাবে লাভবান হয়েছেন, তেমনি ২০২২ বিশ্বকাপ জয়ের পর চীন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে জাতীয় দলের ব্র্যান্ড ছড়িয়ে দেওয়ার পরিকল্পনায় এএফএও বড় লাভের মুখ দেখে। কিন্তু সেই বাণিজ্যিক সম্পর্কেই এখন চিড় ধরেছে।


ক্লারিনের প্রতিবেদন অনুযায়ী, এএফএর বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ থেকে নিজের নাম ও পরিচয় দূরে সরিয়ে রাখতে চাইছেন মেসি। যদিও বুয়েনস এইরেসে এএফএ ও তাপিয়াকে ঘিরে চলমান কোনো দুর্নীতির মামলায় মেসির নাম নেই, তবু সংস্থাটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ তাঁর উদ্বেগেরই প্রকাশ। ২০২৩ সাল থেকে এএফএর আয়ের কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ নিয়ে বুয়েনস এইরেসে তদন্ত চলছে, যার কেন্দ্রে রয়েছেন তাপিয়া। যদিও এএফএ ও তাপিয়া নিজেদের নির্দোষ বলে দাবি করে আসছেন।


এএফএর সঙ্গে মেসির সম্পর্কের অবনতির পেছনে আরেকটি আইনি বিতর্কও রয়েছে। গত এপ্রিলে মায়ামি-ভিত্তিক ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ মেসি এবং এএফএর বিরুদ্ধে মামলা করে। ২০২৫ সালের অক্টোবরে মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে ওই মামলার সূত্রপাত। ভিআইডি ও এএফএ ম্যাচটি আয়োজনের দায়িত্বে থাকলেও ওই ম্যাচে মেসি খেলেননি; পরিবারের সদস্যদের নিয়ে ভিআইপি বক্সে বসে আর্জেন্টিনার ১-০ গোলের জয় দেখেন তিনি। ভিআইডির দাবি, ওই ভিআইপি বক্সের খরচ তারা বহন করেছিল এবং মেসির না খেলা ছিল চুক্তিভঙ্গ। মামলায় মেসির বিরুদ্ধে অবহেলাজনিত ভুল তথ্য দেওয়া ও চুক্তিতে বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগ আনা হয়। আর্জেন্টিনার বাইরে মামলাটি খুব বেশি আলোচনায় না এলেও এএফএ ও তাপিয়ার সঙ্গে একই মামলায় নিজের নাম জড়িয়ে যাওয়া মেসি যে পছন্দ করেননি, তা স্পষ্ট।


অন্যদিকে মেসিহীন আর্জেন্টিনার মাঠের বাইরের বাস্তবতাও বেশ বদলে গেছে। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এএফএ তড়িঘড়ি করে মেসিকে বিদায় জানাতে একটি ম্যাচের আয়োজন করে। অক্টোবরে বেনিনের বিপক্ষে রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত সেই ম্যাচের প্রায় ৬০ ডলারের টিকিট মাত্র ৯০ মিনিটে বিক্রি হয়ে যায় এবং পুনর্বিক্রির বাজারে তা ৬০০ ডলারেরও বেশি দামে ওঠে। কিন্তু মেসি না থাকায় নভেম্বরের দুটি প্রীতি ম্যাচে দর্শক উপস্থিতি ছিল অনেক কম। বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে এবং কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটিতে টিকিটের দামে বড় পার্থক্য না থাকলেও মাঠে দর্শক টানতে বেগ পেতে হয়েছে।


একজন ফুটবলারের অনুপস্থিতি যে গোটা জাতীয় দলের বাণিজ্যিক আকর্ষণ ও গ্যালারির উন্মাদনায় বড় প্রভাব ফেলতে পারে, তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এএফএ। শুধু গেট খুলে দিলেই যে গ্যালারি ভরে না, আর্জেন্টিনার সাম্প্রতিক দৃশ্যপট যেন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।


সূত্র: ক্লারিন।


এ সম্পর্কিত আরো খবর