ভৈরব প্রতিনিধি:
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ড্রেজার শ্রমিককে একমাস করে কারাদণ্ড ও একটি ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শ্রমিকের কারাদণ্ড ও ড্রেজার জব্দ করায় ইউএনওর প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ইজারাদার পক্ষের লোকজন। গত সোমবার দুপুরে মেঘনা নদীর ভৈরবের টুকচানপুর (ডিগচর) এলাকায় অভিযান চালিয়ে আল্লাহ ভরসা ড্রেজিং প্রকল্প নামে একটি ড্রেজার জব্দসহ দুইজন শ্রমিককে একমাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া।
সাজাপ্রাপ্তরা
হলো, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাহের আলী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো.
দেলোয়ার হোসেন (৫৩) এবং একই উপজেলার পুরাকান্দা গ্রামের মো. আমানউল্লাহর ছেলে মো. রফিক
(৫০)।
এদিকে শ্রমিকের কারাদণ্ড ও ড্রেজার জব্দ করায় ইউএনওর প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ইজারাদারের পক্ষের লোকজন। ইজারাদারের লোকজনের ভাষ্য, কিশোরগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ইজারাকৃত মেঘনা নদীর ভৈরবের সাদেকপুর, লুন্দিয়া ও টুকচানপুর এলাকায় বৈধভাবে বালুমহালটি ১বছরের জন্য ইজারা নিয়ে বালু উত্তোলন করছেন তারা। গতকাল কোন বালু উত্তোলন করা হয়নি, ঈদের ছুটিতে ড্রেজারটি বাড়ি যাওয়ার পথে ভৈরব টুকচানপুর এলাকা থেকে অন্যায্যভাবে ড্রেজার জব্দ করেন এবং দুইজন শ্রমিককে কারাদণ্ড দেয়া হয়। যাহা খুবই অমানবিক।
তবে ইউএনওর দাবি আশুগঞ্জের দূর্গাপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন তিনি। খোঁজ নিয়ে জানাযায়, চলতি বছরের ৪ মে, কিশোরগঞ্জ জেলা বালুমহাল ব্যবস্থাপণা কমিটির সভার সিদ্ধান্তে ভৈরব উপজেলার "মেঘনা নদী বালুমহাল" ১৩ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকার ইজারামূল্যে ইজারা প্রদান করেন মেসার্স নাগিব এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।
১৪৩২ বাংলা সনের ৩০চৈত্র পর্যন্ত, ইজারা মূল্য বাবদ ১৩,৫৫,৫০০০০/- হাজার টাকা তৎসহ ইজারা মূল্যের উপর ১৫%ভ্যাট বাবদ ২,০৩,৩২৫০০/-টাকা ও ১০% আয়কর বাবদ ১,৩৫,৫৫০০০/- টাকাসহ সর্বমোট ১৬ কোটি ৯৪লাখ ৩৭হাজার ৫শত টাকা পরিশোধে চুক্তির মাধ্যমে ভৈরবের সাদেকপুর, লুন্দিয়া ও টুকচানপুর এলাকায় ৯টি দাগে ১৬শত ১০একর ভুমি জেলা প্রশাসন ইজারাদারকে দখল বুঝিয়ে দেন। দখল বুঝে পাওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানটি মেঘনা নদীতে তাদের দখলীয় স্থানে গত একমাস ধরে বালু উত্তোলন করে আসছে।ঈদের বন্ধের কারণে গতকাল সোমবার দুপুরে ড্রেজার নিয়ে শ্রমিকরা বাড়ি যাওয়ার পথে আশুগঞ্জের ইউএনও রাফে মোহাম্মদ ছড়া অনধিকার চর্চা করে মেঘনা নদীর ভৈরবের প্রান্তে এসে একটি বৈধ ড্রেজার জব্দ করে দুইজন শ্রমিককে এক মাসের কারাদণ্ড দেন এবং কয়েকটি ব্যাটারি নিয়ে জব্দ করে। এঘটনায় ভুক্তভোগীরা তীব্র প্রতিবাদ জানান।
এবিষয়ে আশুগঞ্জ ইউএনও রাফে মোহাম্মদ ছড়া জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সীমার মধ্যে মেঘনা নদী থেকে একটি চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এ খবর পেয়ে, নদীতে অভিযান চালিয়ে ‘আল্লাহ ভরসা ড্রেজিং প্রকল্প’ নামের একটি ড্রেজার জব্দ করি এবং ড্রেজার দিয়ে বালু উত্তোলনে নিয়োজিত দুই ব্যক্তিকে আটক করার পর অপরাধ প্রমাণিত হওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ৪(গ) ধারায় এবং একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত ড্রেজারটি নৌ পুলিশের জিম্মায় দেয়া হয়েছে বলে জানান। তিনি বলেন, যারা আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভৈরব প্রান্ত থেকে ড্রেজার জব্দ করা হয় সেটা সত্য নয়।
আকাশজমিন/আরআর