সিরাজগঞ্জ প্রতিনিধি / : 200
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের
চৌহালী উপজেলার কাউলিয়ার চরে খামারিকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত
দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে
একটি ষাঁড় গরু উদ্ধার করা হয়।
রোববার
(২২ জুন) সিরাজগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো
হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার ইউসুফ আলী (২৮), আ. মালেক (২৮), টাঙ্গাইল
জেলার শাহ আলম (৪০), হাসান মণ্ডল (২৫), আমির হোসেন (৪৫), শাহিদ ওরফে সাঈদ (৪১) ও ইসমাইল
ব্যাপারী (৫৩)।
পুলিশ
জানায়, গত ২০ মে গভীর রাতে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল চৌহালীর কাউলিয়ার চর এলাকায়
হামলা চালায়। ডাকাতরা স্থানীয় খামারি তারা মিয়া (৬৫) কে শ্বাসরোধ করে হত্যা করে ও খামার
থেকে দুটি ষাঁড় ও একটি গাভী লুট করে পালিয়ে যায়। এ সময় তারা মিয়ার ১৮ বছর বয়সী নাতি
ইব্রাহিম খলিলকে বস্তায় ভরে বেঁধে রাখে, যাতে সে কোনো প্রতিরোধ করতে না পারে। এ ঘটনায়
পরদিন চৌহালী থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করা হয়।
পরে
সিরাজগঞ্জের পুলিশ সুপার ফারুক হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল)
মো. কামরুজ্জামান এবং জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. একরামুল হোসাইনের নেতৃত্বে
একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। (এসআই) শরিফুল ইসলাম ও (এসআই) নাজমুল হকের নেতৃত্বে
দলটি তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। ডাকাত দলের সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে
ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানিয়েছে, ঘটনার রাতে দুটি নৌকায় করে
চরে পৌঁছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। পরে ডাকাতির গরুগুলো টাঙ্গাইলের পুংলী
ঘাট এলাকায় নিয়ে গিয়ে বিক্রি করে। বিক্রির ১ লাখ ২৫ হাজার টাকা তারা সমানভাবে ভাগ করে
নেয়, যার মধ্যে প্রত্যেকে মাত্র ৫ হাজার টাকা করে পায়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাতজনই
আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আকাশজমিন/আরআর