গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম রাখালগাছি এলাকায় পদ্মা নদীতে চাঞ্চল্যকর প্রবাসী আল আমিন (২৫) হত্যা মামলার প্রধান আসামি সহ দুজনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
গ্রেফতারকৃত প্রধান আসামী হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের আলাউদ্দিন শেখ এর ছেলে শাহ আলী ওরফে আলম শেখ (৩৮)। সনন্দেহ ভাজন অপর আসামী একই এলাকার মো. খোরশেদ শেখের ছেলে মোঃ রুবেল সরদার। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে মামলার আইও এসআই (নিঃ) মো. মাহাবুল করিম সংগীয় ফোর্স সহ পাবনা জেলার আমিনপুর থানাধীন কোমরপুর এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল দুপুরে আল আমিন নিজের বিয়ের জন্য পরিবারসহ পাত্রী দেখতে পাবনা ঢালারচর গ্রামের খৈয়মের বাড়িতে যান। পরে তার ফুফাতো বোনের স্বামী মেগা সরদারের মোটরসাইকেল যোগে রাখালগাছি বাজারে যায়। কিছুক্ষণ পর পাবনার আমিনপুর উপজেলার কোমরপুর গ্রামের শাহ আলী (৩০), রবিউল ইসলাম (৩৫)সহ অজ্ঞাত ৭/৮ জন চারটি মোটরসাইকেলে রাখালগাছি আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে প্রাণে বাঁচতে আল আমিন মন্ডল নদীতে ঝাঁপ দেয়।
জানা যায়, প্রায় ১৫/১৬ দিন আগে শাহ আলীসহ কয়েকজন চা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তাদের সাথে আল আমিনের কথা কাটাকাটি হয়। এই শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীর মধ্যে একজন হত্যা মামলার প্রধান আসামি এবং অপর একজনকে সন্দেহভাজন আসামী হিসাবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আকাশজমিন/আরআর