ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সদর বিএনপির সম্মেলন মজিবুর সভাপতি সেন্টু সম্পাদক


নির্বাচিত সভাপতি মজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু]

  • আপলোড সময় : মঙ্গলবার ১২ আগস্ট, ২০২৫ সময় : ৪:৫৩ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রকোনা সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে মোঃ মজিবুর রহমান খান সভাপতি ও তাজ উদ্দিন ফারাস সেন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার বিকেলে জেলা সদরের মোক্তারপাড়া এলাকার পাবলিক হলে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত সম্মেলনের পরিবেশ ছিল অত্যন্ত উৎসবমুখর।

সদর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৮শ ৫২ জন কাউন্সিলরের মধ্যে ৮শ ৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুই জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কাউন্সিলের আগে দুপুরে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন। সদর উপজেলা কমিটির আহ্বায়ক মজিবুর রহমান খানের সভাপতিত্বে ও সদস্যসচিব তাজেজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন: ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম খান হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, অ্যাডভোকেট মাহফুজুল হক, অ্যাডভোকেট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু ও এসএম শফিকুল কাদের সুজা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাহ ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী দুঃশাসনের ১৭ বছরে দেশের মানুষের বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না। বিরোধী মতকে দমন করতে শেখ হাসিনা গুম, খুন, মামলা, হামলা ও অত্যাচার নির্যাতনের পথ বেছে নিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের কর্মী ও অনুসারীরা দীর্ঘ সময় ধরে আন্দোলন-সংগ্রাম করে এসেছে। এরই ধারাবাহিকতায় ছাত্র-জনতা গণঅভ্যূত্থান ঘটিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে। কিন্তু সে স্বৈরাচার বাহিনী ভারতে বসে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দলীয় নেতাকর্মীদেরকে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

 আকাশজমিন/আরআর 

 



এ সম্পর্কিত আরো খবর