বহুল
আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র
প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের
রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি ফের অনুষ্ঠিত হবে
আগামী বুধবার (২১ আগস্ট)।
মঙ্গলবার (২০ আগস্ট) প্রধান
বিচারপতি ড. সৈয়দ রেফাত
আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল
বেঞ্চ এ দিন ধার্য
করেন।
রাষ্ট্রপক্ষে
শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি
জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।
অন্যদিকে, আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস
এম শাহজাহান ও অ্যাডভোকেট শিশির
মনির। আদালতে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামালসহ অনেকে। এর আগে, গত
৩১ জুলাই এ মামলার আপিলের
দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়।
গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে বিচারিক আদালতের দেওয়া সাজা বাতিল করে তারেক রহমান, বাবরসহ সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায়ে বলেন, মামলার বিচার প্রক্রিয়া ছিল অবৈধ এবং অভিযোগপত্র আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। এরপর রাষ্ট্রপক্ষ এ খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে। চলতি বছরের ১ জুন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেয়।
বিচারিক আদালতের রায়
২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান, হারিছ চৌধুরী ও কায়কোবাদসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২১ আগস্টের সেই বিভীষিকা
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এতে মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং আহত হন শতাধিক নেতাকর্মী, যাদের অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন।