দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় অটোরিকশা উল্টে চালক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উপজেলা সদরের নলখোলা এলাকায় দশমিনা-গলাচিপা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ইমরান (৩০) উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সৈয়দ জাফর গ্রামের রবিউল বেপারীর ছেলে।
স্থানীয়
ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,চালক ইমরান উপজেলার আরজবেগী বাজার এলাকা থেকে যাত্রীসহ
রওয়ানা করে দশমিনার নলখোলা বাসস্ট্যান্ডের কাছাকাছি দক্ষিণ পাশে মহাসড়কে কুকুরের ওপর
উঠে অটোরিকশা উল্টে যায়। এ সময় ইমরান ছিটকে ওই অটোরিকশার নীচেই চাপা পড়ে। তাৎক্ষণিক
স্থানীয়রা উদ্ধার করে তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে
যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
কর্তব্যরত
চিকিৎসক ডা. আবিদা নাসরিন জিতু বলেন, ইমরানকে গুরুতর আহত অবস্থায় কয়েকজন লোক হাসপাতালে
নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ
আবদুল আলীম বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
আকাশজমিন/আরআর