শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র ১২ দিন বাকি। তাই তড়িঘড়ি করে চলছে প্রতিমা তৈরির কাজ। দিন রাত কাজ করছেন বগুড়ার শিবগঞ্জের প্রতিমা শিল্পীরা। পঞ্জিকা অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী ও মহাষ্টমী, ৩০ সেপ্টেম্বর মহানবমী, এবং ২ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। এদিন বিসর্জনের মাধ্যমে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।
সরেজমিনে দেখা গেছে, মন্দির ও অস্থায়ী মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ তৎপরতার সঙ্গে চলছে। সাদুল্যাপুর গ্রামে প্রতিমা শিল্পী সুনীল চন্দ্র দাস, তার ছেলে পল্লব দাস এবং সহকারীরা প্রতিমার মাটি প্রলেপ ও মাটির গহনা পরাচ্ছেন। বিপুল চন্দ্র সরকার জানান, প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে, এবার রঙ করার কাজ শুরু হবে। প্রতিটি প্রতিমায় রং করতে দুই দিন সময় লাগে। শিল্পী হারাধন মোহন্ত বলেন, "এ বছর ১২টি প্রতিমার অর্ডার পেয়েছি। পূজা কমিটি প্রতিমা দেখে যাচ্ছেন। প্রতিটি প্রতিমা তৈরিতে গত বছরের তুলনায় ৩-৪ হাজার টাকা বেশি খরচ হচ্ছে।"
শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম নারায়ণ কানু জানান, উপজেলায় মোট ৫৭টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সাধারণ সম্পাদক সুবীর দত্ত বলেন, “সকল মণ্ডপে দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ রাখার মাধ্যমে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করা হচ্ছে।”
সাদুল্যাপুরের রাধা গোবিন্দ জিউ বিগ্রহ মন্দিরের পূজা পরিচালনা পর্ষদের সদস্য সচিব নয়ন সরকার জানান, “মন্দির সাজসজ্জা, প্রতিমা নির্মাণ, আলোকসজ্জাসহ পূজা আয়োজনের সকল কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি উৎসব মুখর পরিবেশে এবারের শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।”
আকাশজমিন/আরআর