নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে বিষধর সাপের কামড়ে হাদিয়ার রহমান খান (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
মৃত হাদিয়ার রহমান খান একই গ্রামের মৃত সমশের খানের ছেলে। তিনি চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন এবং পাশাপাশি কৃষিকাজ করতেন।
স্বজনরা জানান, সোমবার বিকেলে হাদিয়ার রহমান খান নিজের জমিতে কলাই রোপণ করতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তিনি দ্রুত বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরিবার তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাকচি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে রোগীকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আকাশজমিন / আরআর