ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৩০০ আসনে নতুন চমকের প্রস্তুতি

এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি


  • আপলোড সময় : সোমবার ০১ ডিসেম্বর, ২০২৫ সময় : ১১:৩৪ এএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বাধীন অংশ। দলটি ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করতে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য রংপুরের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে নেওয়া হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলটি জানিয়েছে, এবারের নির্বাচনে বেশ কিছু ‘চমক’ থাকতে পারে।

রবিবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির জি এম কাদেরের অংশের একজন কো-চেয়ারম্যান ও তিনজন প্রেসিডিয়াম সদস্য। তারা বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কেন্দ্রীয় নেতারা ধারাবাহিকভাবে আলোচনা করছেন। এই আলোচনায় সব আসনে প্রার্থী চূড়ান্ত করার দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ঢাকায় অবস্থান করছেন রংপুর মহানগর ও জেলার শীর্ষ নেতারা। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির নেতারা শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি ও সরকারের বিভিন্ন মহলের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলে দলীয় সূত্র জানায়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপর জেলার আহ্বায়ক আজমল হোসেন বলেন, দলের মহাসচিবের নেতৃত্বে তারা খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। সেখানে গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানের সঙ্গে কথা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেওয়ায় বিএনপি নেতারা জাতীয় পার্টির প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। রংপুর বিভাগের ৩৩টি আসনে গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে বলা হয়েছে। রংপুর–৩ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদের এবং গাইবান্ধা–১ আসনে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে, তাহলে জাতীয় পার্টি ভালো ফল করবে। রংপুর অঞ্চলে তারা অতীতেও শক্ত অবস্থানে ছিল। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির জন্য দলীয় নেতাকর্মীরা মানসিকভাবে প্রস্তুত রয়েছেন।

রংপুর জেলার সদস্যসচিব আবদুর রাজ্জাক বলেন, তিনি বর্তমানে ঢাকায় আছেন এবং নির্বাচনের প্রস্তুতি চলছে। রংপুরের ছয়টি আসনের দুটিতে নতুন প্রার্থী দেওয়া হবে। এর মধ্যে রংপুর–১ আসনে জনপ্রিয় এক ব্যারিস্টারকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। রংপুর বিভাগের ২২টি আসন এক সময় জাতীয় পার্টির দখলে ছিল। সেগুলো পুনরুদ্ধারের লক্ষ্যেই তারা কাজ করছেন।

একই কথা জানান রংপুর মহানগরের সাধারণ সম্পাদক ও দলের প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির। তিনি বলেন, জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে। গোপালগঞ্জ, ফরিদপুর ও সিলেট বিভাগেও গ্রহণযোগ্য প্রার্থী দেওয়া হবে। রংপুর বিভাগের ৩৩টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনাময় ব্যক্তিদের বাছাই করা হয়েছে। বেশ কয়েকটি আসনে ইতিমধ্যেই প্রার্থী চূড়ান্ত হয়েছে। যদিও লেভেল প্লেয়িং ফিল্ড এখনো তৈরি হয়নি, তবুও ভোটের আগেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির কোনো বাধা নেই। নির্বাচন কমিশনও নির্বাচনে অংশগ্রহণে তাদের প্রতি কোনো নিষেধাজ্ঞা দেয়নি।

দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রেসিডিয়াম সদস্য বলেন, তফসিল ঘোষণার আগেই জাতীয় পার্টি বড় ধরনের চমক দেবে। কয়েকজন সাবেক সরকারি কর্মকর্তা দলে যোগ দিয়ে নির্বাচন করবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ চমক প্রকাশ পাবে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, তিনি ঢাকায় অবস্থান করছেন এবং নির্বাচনমুখী দল হিসেবে জাতীয় পার্টি সব প্রস্তুতি নিয়ে রেখেছে। যথাযথ পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে তারা নির্বাচনে অংশ নেবেন।

এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জোটের মুখপাত্র হিসেবে থাকবেন এ বি এম রুহুল আমিন হাওলাদার। জোটটির সম্ভাব্য নাম ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট’। রবিবার বিকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়। পরে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সব মিলিয়ে, জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্যে বোঝা যাচ্ছে যে দলটি এবারের জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে শক্ত অবস্থানে যাওয়ার পরিকল্পনা করছে। রংপুরকে কেন্দ্র করে তাদের প্রচারণা আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে নতুন জোটের উদ্ভব রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।


এ সম্পর্কিত আরো খবর