রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকার বিসমিল্লাহ আড়তের পাশের আরএসআরবি নামের একটি ইটভাটায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে হঠাৎ সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ইটভাটার পাশের শ্রমিকদের বসবাসের ২০টি টিনের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, রাতে শ্রমিকরা নিজেদের ঘরে অবস্থান করছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে শ্রমিকরা জীবন বাঁচাতে ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন। তবে আগুনের তীব্রতায় শ্রমিকদের ঘরের আসবাবপত্র, পোশাক, মূল্যবান সামগ্রীসহ সবকিছুই পুড়ে যায়।
খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানান, আরএসআরবি ইটভাটার একটি গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনে ইটভাটার পাশের শ্রমিকদের আবাসিক ২০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো প্রাণহানি হয়নি।
তিনি আরও বলেন, আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষতির পরিমাণ বেশ বড় হতে পারে। ঘরগুলোতে থাকা শ্রমিকদের ব্যক্তিগত সামগ্রীরও ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয় শ্রমিকরা জানান, প্রতিদিনের জীবিকার জন্য দূর-দূরান্ত থেকে এসে এখানে কাজ করেন তারা। এই দুর্ঘটনায় তারা প্রায় সবকিছু হারিয়েছেন। দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন বলে তারা দাবি জানান।
ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন স্থানীয়রা।