ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে- নিশ্চিত নয় ডিএমপি


  • আপলোড সময় : রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৪:৫৮ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিরা ভারতে পালিয়ে গেছেন— এমন তথ্য এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোর সত্যতা এখনো যাচাই হয়নি।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এক প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, হামলার ঘটনায় ডিবিসহ ডিএমপির একাধিক টিম একযোগে কাজ করছে। তবে এখন পর্যন্ত হামলাকারীরা ভারতে পালিয়ে যাওয়ার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান আরও বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো বিষয়ে নিশ্চিত না হয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চায় না। তিনি জানান, প্রযুক্তিগত বিশ্লেষণ, চলাচলের তথ্য ও অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে ওসমান হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরসাইকেলচালক আলমগীর হোসেন সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে গেছেন। এসব পোস্টে তাদের অবস্থান ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে বলে উল্লেখ করা হয়।

ওই পোস্টগুলোতে আরও দাবি করা হয়, ভারতে অবস্থানকালে অভিযুক্তদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব। তবে এসব তথ্যের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিতকরণ দেয়নি।

ডিএমপি জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সন্দেহভাজনদের গতিবিধি, যোগাযোগ এবং সম্ভাব্য পালানোর পথগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সীমান্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গেও সমন্বয় রেখে কাজ চলছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, তদন্তের এই পর্যায়ে যাচাইহীন তথ্য ছড়িয়ে পড়লে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং তদন্ত কাজে বিঘ্ন ঘটতে পারে। তাই গণমাধ্যম ও সাধারণ জনগণকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে সময়মতো তথ্য জানানো হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর