ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আমরা যদি কাউকে প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকার করি, তবে তিনি হবেন বেগম খালেদা জিয়া—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। একই সঙ্গে তিনি দলীয় হাই কমান্ডের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণ যাকে নিরাপদ মনে করে এবং ভোট দিয়ে বিজয়ী করবে—এমন প্রকৃত বিএনপি নেতাকেই মনোনয়ন দেওয়া উচিত।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে পাবনার পাকশীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত বৃহৎ দোয়া মাহফিল ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির প্রবীণ নেতা আব্দুস সোবহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুর রশিদ সরদার, হাজি আজি হক, হাজি আকমল হোসেন, একরাম আলী হাজি, আক্তার মল্লিক, ইব্রাহিম হোসেন, আমিরুল ইসলাম, আজিজুর রহমান মেম্বর, কবীর আহমেদ, আব্দুস সালাম রঞ্জু মেম্বর, সাহাবুল আলম, আব্দুল গাফ্ফার, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, তারেক আল শিশির, আশিকুর রহমান, আবিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সরদার বলেন, মহান মুক্তিযুদ্ধে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অনস্বীকার্য। আমরা যদি প্রথম নারী মুক্তিযোদ্ধার কথা বলি, তবে সেই মর্যাদা তাঁরই প্রাপ্য। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া সব সময় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আপসহীন ভূমিকা রেখেছেন।
দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, যারা বিএনপির নাম ব্যবহার করে রক্ত ও অস্ত্র নিয়ে ঘোরে, যাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, হাট-বাজার ও বালু মহল দখল, সন্ত্রাস ও লুটপাটের অভিযোগ রয়েছে—তাদের বাদ দিয়ে প্রকৃত বিএনপি নেতাদের মনোনয়ন দেওয়া উচিত। জনগণ যাকে বিশ্বাস করে এবং ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবে, এমন নেতাকেই মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তাঁর সঙ্গে যারা রয়েছেন তারা শহীদ জিয়ার আদর্শের প্রকৃত অনুসারী এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের কারিগর। তাঁদের হাতে কোনো রক্ত নেই, অস্ত্রের মহড়া নেই, বরং রয়েছে জনগণের প্রতি দায়বদ্ধতা।
সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবসের চেতনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দ্রুত রাজনৈতিক নেতৃত্বে প্রত্যাবর্তন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আকাশজমিন / আরআর