সাতক্ষীরা প্রতিনিধি:
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গুলি করে আহত করার ঘটনায় সাতক্ষীরা সহ যশোর রিজিয়নের ছয় জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সন্দেহভাজন দুষ্কৃতীরা যাতে সীমান্ত পার হয়ে পালাতে না পারে, সে কারণে সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলার সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানাধীন সোনাডাঙ্গা আবাসিক এলাকার সামনে দিয়ে যাওয়ার সময় এনসিপির শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার (৪২) দুর্বৃত্তদের গুলিতে আহত হন। তিনি সোনাডাঙ্গা থানার শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা।
আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তৎপরতা বৃদ্ধি করে। অপরাধীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি সীমান্ত দিয়ে পালানোর সম্ভাবনা রোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়। নিয়মিত টহল ছাড়াও অতিরিক্ত টহল এবং নতুন চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
বিজিবি জানায়, যশোর রিজিয়নের অধীন ছয় জেলা ও তাদের সীমান্ত এলাকায় মোট সাতটি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত ৮৭টি টহল অভিযান চালানো হচ্ছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময় চলছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতার জন্য বিশেষ প্রচারণাও চালানো হচ্ছে।”
বিজিবির এই কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সন্ত্রাসী কার্যকলাপ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আকাশজমিন / আরআর