বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় অংশগ্রহণের জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, পরিবহন সংকট থাকা সত্ত্বেও অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকায় যাত্রা করবে।
সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জানান, প্রায় ২০ হাজার নেতাকর্মী তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এজন্য জেলা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি আসনের মনোনীত প্রার্থীকে ২০ থেকে ৩০টি করে গাড়ি ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে। সব মিলিয়ে দেড় শতাধিক যানবাহন ঢাকায় যাবে।
পরিবহন সংকট থাকা সত্ত্বেও নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে ঢাকার পথে রওনা দিয়েছেন।
সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। উপকূলীয় উপজেলা শ্যামনগর থেকে ইতোমধ্যে হাজার হাজার নেতাকর্মী ঢাকার পথে রওনা হয়েছে। অনেকেই ঢাকায় আত্মীয়স্বজনের বাড়ি কিংবা হোটেলে অবস্থান নিচ্ছেন।
জেলা বিএনপির শীর্ষ নেতারা জানান, সাতক্ষীরার প্রতিটি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নিচ্ছেন। নেতাকর্মীরা যেন নিরাপদে ও শৃঙ্খলার সঙ্গে ঢাকায় পৌঁছাতে পারে, সে লক্ষ্যে সমন্বয় চলছে।
শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, জেলা বিএনপির সঙ্গে সমন্বয়ে ছাত্রদলও ঢাকায় যাবে। ছাত্রদলের জন্য আলাদা গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। সাতক্ষীরা থেকে বিপুল সংখ্যক ছাত্রদল নেতাকর্মী প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে যাচ্ছেন।
তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, “তারেক রহমান আমাদের প্রিয় নেতা। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফিরছেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায় থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।” দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে আগমনকে কেন্দ্র করে সাতক্ষীরার তৃণমূল পর্যায় পর্যন্ত উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আকাশজমিন / আরআর