ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেটপ্রুফ গাড়ি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:৫৭ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে একটি বুলেটপ্রুফ গাড়ি। বিমানবন্দর থেকে পরবর্তী সব কর্মসূচিতে এই গাড়িতেই যাতায়াত করবেন তিনি। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আগেভাগেই গাড়িটি বিমানবন্দর এলাকায় আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৭টার কিছুক্ষণ আগে তারেক রহমানের জন্য নির্ধারিত বুলেটপ্রুফ গাড়িটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। দলীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১২টা ১৭ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। একই বিমানে তাঁর সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। নির্ধারিত সময় অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট ‘বিজি ২০২’ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছুক্ষণ অবস্থান করবেন। এরপর সড়কপথে কুড়িল হয়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন তিনি। সেখানে উপস্থিত লাখো নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান ৩০০ ফিট এলাকা থেকে বসুন্ধরা জি ব্লকের গেট দিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা তিনি চিকিৎসাধীন তাঁর মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। দীর্ঘ সময় পর মায়ের সঙ্গে এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ব্যক্তিগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাসপাতাল থেকে বেরিয়ে তারেক রহমান গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ‘ফিরোজা’য় যাবেন। তার যাতায়াত ও অবস্থান ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সোয়াট টিমসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের সিদ্ধান্তও এই নিরাপত্তা পরিকল্পনার অংশ।


এ সম্পর্কিত আরো খবর