সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই দেশ এবং এই দেশের মানুষই ছিল খালেদা জিয়ার পরিবার, তাঁর সত্তা ও তাঁর অস্তিত্ব। মায়ের মৃত্যুতে শোকাহত হয়ে ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এসব কথা বলেন।
গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টটি দেন তারেক রহমান। ওই দিন সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এবং গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন।
ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আমার মা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ তিনি উল্লেখ করেন, অনেকের কাছে খালেদা জিয়া ছিলেন দেশনেত্রী, আপসহীন নেত্রী; অনেকের কাছে গণতন্ত্রের মা কিংবা বাংলাদেশের মা। তাঁর মৃত্যুতে দেশ গভীর শোকাহত বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান লেখেন, খালেদা জিয়া ছিলেন এমন একজন পথপ্রদর্শক, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও পথচলায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, দেশের মানুষের আবেগ, ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধার জন্য তিনি ও তাঁর পরিবার কৃতজ্ঞ।
পোস্টে নিজের ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি লেখেন, তাঁর কাছে খালেদা জিয়া ছিলেন একজন মমতাময়ী মা, যিনি নিজের পুরো জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। তিনি আজীবন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
তারেক রহমান আরও লেখেন, ত্যাগ ও সংগ্রামের প্রতীক হয়েও খালেদা জিয়া ছিলেন পরিবারের একজন সত্যিকারের অভিভাবক। তাঁর অপরিসীম ভালোবাসা ও শক্তি পরিবারের সদস্যদের কঠিন সময়েও সাহস ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন এবং সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তারেক রহমান।
পোস্টে তিনি বলেন, যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যেও খালেদা জিয়া অদম্য সাহস, সহানুভূতি ও গভীর দেশপ্রেম পরিবারের প্রতিটি সদস্যের মাঝে সঞ্চার করেছিলেন। দেশের জন্য তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন উল্লেখ করে তারেক রহমান লেখেন, এই দেশ এবং দেশের মানুষই ছিল তাঁর প্রকৃত পরিবার।
শেষে তিনি লেখেন, খালেদা জিয়া জনসেবা, ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস রেখে গেছেন, যা বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমায় চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া কামনা করেন এবং তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আকাশজমিন / আরআর