ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,  ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবারও কমেছে সঞ্চয়পত্রে মুনাফা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:১৩ পিএম

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার আবারও কমিয়ে পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং সর্বনিম্ন মুনাফার হার ৮ দশমিক ৭৪ শতাংশ। এর আগে গত জুলাই মাসেও মুনাফার হার কমানো হয়েছিল।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ১ জানুয়ারি থেকে এই নতুন মুনাফার হার কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী কম বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা এবং বেশি বিনিয়োগে কম মুনাফা পাওয়া যাবে। এখানে বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। এর কম বিনিয়োগে বেশি মুনাফা এবং এর বেশি বিনিয়োগে কম মুনাফা পাওয়া যাবে।

নতুন মুনাফার হার

সর্বাধিক জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে আগে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ শেষে মুনাফার হার ছিল ১১ দশমিক ৯৩ শতাংশ, যা কমিয়ে ১০ দশমিক ৫৪ শতাংশ করা হয়েছে। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগে আগে ছিল ১১ দশমিক ৮০ শতাংশ, এখন তা কমে ১০ দশমিক ৪১ শতাংশ।

পেনশনার সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৯৮ শতাংশ থেকে কমে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ থেকে ১০ দশমিক ৪১ শতাংশে নামানো হয়েছে।

বাংলাদেশ সঞ্চয়পত্রে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১ দশমিক ৮৩ শতাংশ থেকে কমিয়ে ১০ দশমিক ৪৪ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১১ দশমিক ৮০ শতাংশ থেকে ১০ দশমিক ৪১ শতাংশ করা হয়েছে।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেও বিনিয়োগের ওপর মুনাফার হার কমানো হয়েছে। ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে মুনাফার হার কমে ১০ দশমিক ৪৮ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১০ দশমিক ৪৩ শতাংশে নামানো হয়েছে।

আগে ১ জুলাই ২০২৫ তারিখের আগে ইস্যু হওয়া সঞ্চয়পত্রের মুনাফার হারই মেয়াদ পূর্তির সময় প্রযোজ্য থাকবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে পুনর্বিনিয়োগের সময়ের মুনাফার হার প্রযোজ্য হবে। আগামী ছয় মাস পর মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর