ঘন কুয়াশার কারণে প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সোমবার (৫ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পুনরায় স্বাভাবিক হয়েছে।
এর আগে রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ঘাট কর্তৃপক্ষ জানায়, রবিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নৌপথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি সৃষ্টি হয়। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।
ফেরি চলাচল বন্ধ থাকাকালে নদী পারাপারের জন্য অপেক্ষমাণ যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। শীতের রাতের কালে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী, চালক-সহকারি বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দেয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “নিরাপত্তার স্বার্থে রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকালে কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।”
ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে পারাপার হচ্ছে। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আকাশজমিন / আরআর