সাতক্ষীরা প্রতিনিধি:
‘শিশুর চোখে শিশুর গল্প’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় শিশুদের জন্য বিশেষ সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল বেলা হ্যালো ডট বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের উদ্যোগে ও ইউনিসেফের সহযোগিতায় বিনেরপোতা পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপ-কেন্দ্রের অডিটোরিয়ামে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার ও জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল। সভাপতিত্ব করেন শিশু শিক্ষার্থী মাহিশা মৌনতা। সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন স্বাগত বক্তব্য দেন।
বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের ইন্টারন্যাশনাল ডেস্কের সাংবাদিক তনুশ্রী বিশ্বাস প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে এখন টিভির প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, নাগরিক টিভির জেলা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী, সংবাদকর্মী আরিফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ২০ জন শিশু শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেন। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, দেশ ও সমাজের উন্নয়নে সুস্থ ধারার সাংবাদিকতা অপরিহার্য। মিথ্যা ও গুজব থেকে সচেতন থাকা প্রয়োজন। তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতার পাশাপাশি পড়ালেখায় মনোযোগ দিতে হবে এবং সমাজ সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। শিশুরা যেন তথ্যবহুল ও মননশীল হয়ে উঠে, তার জন্য এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে।
আকাশজমিন / আরআর