আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জোটের পক্ষে আসন সমঝোতার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, দীর্ঘ আলোচনার মাধ্যমে শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই আসন বণ্টন চূড়ান্ত করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে নির্বাচন করবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৩০টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিসকে দেওয়া হয়েছে ২০টি আসন। খেলাফত মজলিসের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০টি আসন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) পাবে ৭টি আসন। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পেয়েছে ৩টি আসন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে দেওয়া হয়েছে ২টি আসন এবং বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি পেয়েছে ২টি আসন।
তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য এখনো আসন চূড়ান্ত করা হয়নি। একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আসন সমঝোতার বিষয়েও সিদ্ধান্ত আসেনি। সংশ্লিষ্ট নেতারা জানান, এসব দলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রাথমিক বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১১ দলের সমন্বয়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন দলের নেতারা।
নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে এই আসন সমঝোতা করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বাকি দলগুলোর সঙ্গেও দ্রুত সমঝোতা সম্পন্ন হবে এবং জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে।
আকাশজমিন / আরআর