গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ভিনদেশী আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যেই বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত হয়েছে গণঅধিকার পরিষদ। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত থেকেও গণতান্ত্রিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন এবং সেই ধারাবাহিকতায় বিএনপিকে নেতৃত্বে রেখে আন্দোলন পরিচালিত হয়েছে।
নুরুল হক নুর বলেন, আন্দোলনের সময় তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী মিত্র দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নেওয়া হবে এবং একটি জাতীয় সরকার গঠন করা হবে। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ৩১ দফা কর্মসূচি শুধু বিএনপির একক দলিল নয়, বরং যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সকল দলের সমর্থিত একটি রাজনৈতিক দলিল। এই ৩১ দফার মধ্যে জুলাই সনদের অধিকাংশ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘ আলোচনা ও চিন্তাভাবনার পর গণঅধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, আগামী দিনে বিএনপির নেতৃত্বেই রাষ্ট্রক্ষমতায় যেতে হবে এবং যুগপৎ আন্দোলনকারী সব দলকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে হবে।
বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নুর। অনুষ্ঠানটির আয়োজন করে দশমিনা উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দশমিনা উপজেলা বিএনপির সহ-সভাপতি আঃ হাই পঞ্চায়েত এবং সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সভাপতি আবুল বাশার। স্মরণসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের পাশাপাশি গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নুরুল হক নুর বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, অতীতে বিভক্তির কারণে গণতান্ত্রিক আন্দোলন বারবার বাধাগ্রস্ত হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার ঐক্যের ভিত্তিতে আন্দোলন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসেবে ভিপি নুরুল হক নুরের পক্ষে আগামী নির্বাচনে ভোট দিয়ে তাকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। বক্তারা দাবি করেন, গণতান্ত্রিক ও জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের জন্য যুগপৎ আন্দোলনের নেতাদের সংসদে উপস্থিতি জরুরি।
স্মরণসভায় দশমিনা উপজেলা বিএনপি, কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় গণফোরাম ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, গণঅধিকার পরিষদ এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে একটি জাতীয় সরকার গঠন অপরিহার্য। সেই লক্ষ্যেই বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনকারী দলগুলোর ঐক্যকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।