ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

গুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের


  • আপলোড সময় : শনিবার ১৭ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:০৫ পিএম

গণতান্ত্রিক আন্দোলনের সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভা শুরুর মুহূর্তেই আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। গুমের শিকার হওয়া সন্তানের এক মা তারেক রহমানের কাছে এসে কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিনের বেদনা আর ক্ষোভে তিনি নিজের আবেগ সংবরণ করতে পারেননি। এ সময় তারেক রহমান তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে এ মতবিনিময় সভা শুরু হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ নামের দুটি সংগঠনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশ থেকে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার পরিবারের সদস্যরা সভায় অংশ নেন এবং তাদের দুঃখ-কষ্ট ও বিচার না পাওয়ার যন্ত্রণার কথা তুলে ধরেন।

তারেক রহমান বলেন, কৌশলের নামে বিএনপির নেতাকর্মীরা কখনো গুপ্ত বা সুপ্ত পরিচয় ধারণ করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা স্বজন হারিয়েছেন, সেই পরিবারগুলোর পাশে বিএনপি সবসময় থাকবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে ভূমিকা রাখবে।

বিগত সরকারের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা ছিল রাজনৈতিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। এসব মামলার মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করার চেষ্টা চালানো হয়েছিল। যারা বিগত সময়ে গুম, খুন ও নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা নেই।

তিনি বলেন, গুম-খুন ও নির্যাতনের শিকার হয়েও বিএনপির নেতাকর্মীরা রাজপথ ছাড়েননি। ভয়ভীতি ও দমন-পীড়নের মধ্যেও তারা গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সংগ্রাম চালিয়ে গেছেন। এই ত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করে রাখা যাবে না। জনগণের শক্তিতেই বিএনপি এগিয়ে যাবে। তিনি বলেন, সম্প্রতি নির্বাচন কমিশনের বিতর্কিত ভূমিকা আমরা দেখেছি। তবে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্যের পরিচয় দেবে এবং গণতান্ত্রিক আন্দোলনের পথেই অগ্রসর হবে।

তিনি জানান, জনগণের ম্যান্ডেটে বিএনপি ক্ষমতায় গেলে গুম-খুনের শিকার শহীদদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন নির্মম পরিণতির মুখোমুখি না হতে হয়।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, কেউ কেউ নানা কথা ও অজুহাতে গণতন্ত্রের পথ ব্যাহত করতে চায়। যারা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়, তারা যেন সফল হতে না পারে—এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ গণতন্ত্রের পথ রুদ্ধ হলে তা শহীদদের প্রতি চরম অবিচার হবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর