অনলাইন রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত নেতৃত্বাধীন আসন সমঝোতার জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। এর ফলে বর্তমানে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আবারও ১১ দলীয় জোটে রূপ নিতে যাচ্ছে। সংশ্লিষ্ট রাজনৈতিক সূত্র ও শীর্ষ নেতাদের বক্তব্যে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এর আগে আসন সমঝোতার ভিত্তিতে গঠিত ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেরিয়ে যাওয়ায় জোটটি ১০ দলে নেমে আসে। তবে ইসলামী আন্দোলনের পরিবর্তে এবার জামায়াত নেতৃত্বাধীন এই জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ লেবার পার্টি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতার বক্তব্য এবং লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরানের মন্তব্যে এই ইঙ্গিত পাওয়া গেছে।
বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান জানিয়েছেন, জোটে যোগদানের বিষয়ে কথাবার্তা চলছে। তিনি বলেন, তিনি নিজে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না, তবে তার দলের ১৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পর্যায়ে আসন সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও ভিন্ন একটি ফরম্যাটে রাজনৈতিক সমঝোতা হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ইসলামপন্থি দলগুলোর মধ্যে ঐক্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ইসলামপন্থি দলগুলোর শীর্ষ নেতারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।
২০২৫ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বরিশাল সফরের সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে যৌথ প্রেস ব্রিফিংয়ে তারা ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন এবং ভোটকেন্দ্রে একটি বাক্সে ভোট পাঠানোর লক্ষ্যের কথা জানান।
এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দল নিয়ে একটি জোটের যাত্রা শুরু হয়। এই জোটে ছিল বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। পরবর্তীতে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে বিভিন্ন দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ করে তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টি যোগ দিলে জোটটি ১১ দলে পরিণত হয়। তবে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছাড়ে এবং তা ১০ দলীয় নির্বাচনী ঐক্যে রূপ নেয়।
ইসলামী আন্দোলন জোট থেকে সরে যাওয়ার পর থেকেই নতুন শরিক অন্তর্ভুক্তির আলোচনা চলছিল। শনিবার বাংলাদেশ লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে যুক্ত হলে জোটটি আবারও ১১ দলীয় হবে বলে জানিয়েছেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. হামিদুর রহমান আযাদ।
তিনি এক পথসভায় বলেন, বর্তমানে জাতি দুটি ধারায় বিভক্ত। একদিকে রয়েছে ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং খুব শিগগিরই তাদের জোটে নতুন একটি দল যুক্ত হবে। যদিও বক্তৃতায় তিনি দলের নাম উল্লেখ করেননি, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ লেবার পার্টিই সেই দল।
উল্লেখ্য, বিএনপির যুগপৎ আন্দোলনে দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। তবে প্রত্যাশিত আসন না পাওয়ায় তারা বিএনপির জোট ছাড়ার ঘোষণা দেয়। এবার তারা জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিতে যাচ্ছে।
আকাশজমিন / আরআর