ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

অভিভাবকদের কটূক্তির অভিযোগ

প্রধান শিক্ষক অপসারণের দাবিতে মানববন্ধন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৯ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৩৮ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অশালীন আচরণ, স্কুল ড্রেস বিক্রি, স্বেচ্ছাচারিতা এবং নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা সুরাইয়া বেগম শেলীর অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

আন্দোলনের অংশ হিসেবে গত দুই দিন ধরে কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ে পাঠাননি অভিভাবকরা। ফলে টানা দুই দিন শ্রেণিকক্ষ শিক্ষার্থীশূন্য থাকায় পাঠদান কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়।

অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক নিয়মিতভাবে অভিভাবকদের সঙ্গে অশালীন ও আপত্তিকর আচরণ করেন। কোনো বিষয়ে মতবিরোধ হলে ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দেন। এছাড়া তিনি স্কুল ড্রেসের ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাজার থেকে ড্রেস বানাতে দেওয়া হয় না, প্রধান শিক্ষকের কাছ থেকেই ড্রেস কিনতে বাধ্য করা হয়। নিজের ইচ্ছামতো ড্রেসের রং পরিবর্তন করায় অভিভাবকরা বারবার আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, যা গরিব অভিভাবকদের জন্য অত্যন্ত কষ্টকর। এ বিষয়ে প্রতিবাদ করলে শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায়। এতে শিশু শিক্ষার্থীদের উঠানামায় মারাত্মক কষ্ট হয়। নিচতলায় পর্যাপ্ত কক্ষ খালি থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক তৃতীয় তলায় পাঠদান করানোর সিদ্ধান্তে অনড় রয়েছেন। এ বিষয়ে গত মঙ্গলবার কয়েকজন অভিভাবক কথা বলতে গেলে প্রধান শিক্ষক তাদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং শিক্ষার্থীসহ তাদের বিদ্যালয় ত্যাগ করতে বলেন।

এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত বুধবার থেকে অভিভাবকরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দেন। ওই দিন বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকায় সহকারী শিক্ষকরা সারাদিন বসে থেকে বাড়ি ফিরে যান। পরে দুপুরে অভিভাবকরা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

আজ বৃহস্পতিবারও বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী আসেনি। একই সঙ্গে দুপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন করেন অভিভাবকরা।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা জানান, এমন স্বেচ্ছাচারী, দুর্নীতিবাজ ও অশালীন আচরণকারী প্রধান শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত তারা তাদের শিশুদের বিদ্যালয়ে পাঠাবেন না।

পারভীন আক্তার নামে এক অভিভাবক বলেন, আমার তিন নাতি এই স্কুলে পড়াশোনা করে। একজন শিশু শ্রেণিতে, একজন ক্লাস ওয়ান ও অপরজন ক্লাস ফোরে পড়ে। জানুয়ারির শুরুতে স্কুল ড্রেস বানাতে বলা হলে বাজার থেকে দুইজনের ড্রেস বানিয়ে আনি। কয়েকদিন পর প্রধান শিক্ষক বলেন—ড্রেসের রং পরিবর্তন হয়েছে এবং তার কাছ থেকে নতুন ড্রেস কিনতে হবে। বিষয়টি সদয়ভাবে বিবেচনার অনুরোধ জানালে প্রধান শিক্ষক কটাক্ষ করে বলেন, ‘এত বাচ্চা কেন পয়দা দিয়েছেন’। ড্রেস না কিনলে ঘাড় ধরে স্কুল থেকে বের করে দেওয়া হবে।

এছাড়া প্রিয়া আক্তার ও ঝর্ণা আক্তারসহ অসংখ্য অভিভাবকের একই রকম অভিযোগ। তারা জানান, গত ২২ বছর ধরে এভাবেই চলাচ্ছেন এই প্রধান শিক্ষক। তিনি কারও কথা শোনেন না, নিজের ইচ্ছেমতো যা খুশি করেন। কোনো বিষয়ে দ্বিমত করলে অভিভাবকদের অপমান করে বের করে দেন। আমরা তার (প্রধান শিক্ষক) অপসারণ চাই।

স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন বলেন, প্রধান শিক্ষকের আচরণ খুবই খারাপ। এমন কোনো অভিভাবক নেই যার সঙ্গে তিনি খারাপ আচরণ করেননি। কিছু কিছু অভিভাবককে তিনি ঘাড় ধরে বের করে দিয়েছেন। অভিভাবকদের তিনি অশালীন ভাষায় গালাগাল করেন। একটি প্রশংসাপত্র নিতে গেলে ৫০ টাকা দিতে হয়। সৃজনী বাবদ ১৫-৩০ টাকা নেন। না দিলে শিক্ষার্থীদের ঘাড় ধরে বের করে দেন। এসব নিয়ে অসংখ্যবার দেনদরবার হয়েছে। এসব বিষয়ে অভিভাবকরা এ পর্যন্ত শতাধিকবার আমার কাছে অভিযোগ করেছেন। এবার অভিভাবকরা আন্দোলন শুরু করেছেন। দুই দিন ধরে কোনো শিক্ষার্থী স্কুলে আসছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি—আপনারা স্কুলটাকে বাঁচান।

অভিযুক্ত প্রধান শিক্ষক সৈয়দা সুরাইয়া বেগম শেলী বলেন, সবকিছু ষড়যন্ত্র। আমি কোনো অভিভাবকের সঙ্গে খারাপ আচরণ করিনি। একটি চক্র ষড়যন্ত্র করে এসব করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, অভিভাবকদের দেওয়া অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, বিষয়টি জেনেছি। উভয় পক্ষকে ডেকে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আজম বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।

বিষয়টি অবহিত করলে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর